হলিউড তারকা টোবি ম্যাগুয়ারের ব্যতিক্রমী ভূমিকা ঘিরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘স্পাইডার-ম্যান’খ্যাত এই অভিনেতা প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের সূচনায় শুধু অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন না, বরং বিয়ের আনুষ্ঠানিকতাও পরিচালনা করেছেন। এমনকি নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও পাশে ছিলেন তিনি। বিচ্ছেদের পর সাবেক দম্পতির এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নজর কেড়েছে ভক্তদের।
গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের লানাই দ্বীপে অবস্থিত ফোর সিজনস রিসোর্টে বিয়ে করেন জেনিফার মেয়ার ও তার নতুন জীবনসঙ্গী জিওফ্রি ওগুনলেসি। অনুষ্ঠানে অতিথিদের সামনে বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন ৫১ বছর বয়সি টোবি ম্যাগুয়ার। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।
পেশায় গয়না নকশাকার জেনিফার মেয়ারের স্বামী জিওফ্রি ওগুনলেসি একজন সংগীত নির্বাহী ও ব্যবসায়ী। তিনি নাইজেরীয় বংশোদ্ভূত ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। তাদের বিয়েতে হলিউডের আরও কয়েকজন পরিচিত তারকা উপস্থিত ছিলেন।
টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ারের সম্পর্কের শুরু ২০০৩ সালে। চার বছর প্রেমের পর ২০০৭ সালে বিয়ে করেন তারা। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের সেপ্টেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রাক্তন স্ত্রীর বিয়েতে টোবির এমন গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের সম্পর্কের ভিন্ন এক দিক তুলে ধরেছে। বিচ্ছেদের পরও সন্তানদের লালন-পালন ও পারিবারিক বিভিন্ন আয়োজনে তাঁদের একসঙ্গে দেখা গেছে। টোবি ও জেনিফারের দুই সন্তান—রুবি ও ওটিস।
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের সূচনায় টোবির এই অংশগ্রহণকে অনেকেই পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্কের প্রতিফলন হিসেবে দেখছেন। বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা থেকে শুরু করে নবদম্পতির বিশেষ মুহূর্তে পাশে থাকা—সব মিলিয়ে তার এই ভূমিকা ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
টোবি ম্যাগুয়ার ‘স্পাইডার-ম্যান’ চলচ্চিত্র সিরিজে পিটার পার্কার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। অন্যদিকে, জেনিফার মেয়ার গয়না নকশাকার হিসেবে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।
সময়ের আলো/জেডি