অভিনেতা ও সংগীতশিল্পী রুশনাফ ওয়াদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১২ অক্টোবর) দুপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীতে নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
রুশনাফ ওয়াদুদ-এর দীর্ঘদিনের বন্ধু ও সংগীতশিল্পী আনান সিদ্দিকা সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্ধুর মৃত্যু প্রসঙ্গে আনান সিদ্দিকা বলেন, ‘সর্বশেষ যেদিন তার সঙ্গে কথা হয়েছিল, সেদিন ও বলেছিল, ‘হয়তো বেশি দিন থাকব না।’ তিনি জানান, দশ বছরেরও বেশি সময় ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন রুশনাফ। তার শ্বাসকষ্টের সমস্যাও ছিল।
আনান আরও বলেন, শারীরিক কষ্ট নিয়েও গান গাইতে ভালোবাসত। টুকটাক করে গান গাইত। বুঝতাম, গাইতে কষ্ট হচ্ছে, কিন্তু মানসিক আনন্দ পাচ্ছে। লক্ষ্মী ছেলে ছিল। কিন্তু দুনিয়ায় ভালো মানুষ থাকে না।
গীতিকার হিসেবেও প্রশংসা কুড়িয়েছিলেন রুশনাফ ওয়াদুদ। ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। পাশাপাশি গান লিখতেন। দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেছেন রুশনাফ। ব্যান্ডটির ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়।
এ ছাড়া নির্মাতা আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’-এর ‘নগণ্য মানুষ’ শিরোনামের গানেও কণ্ঠ দিয়েছেন রুশনাফ ওয়াদুদ। সংগীতের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন তিনি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’-তে অভিনয় করেছিলেন এই শিল্পী।
সময়ের আলো/জেডি