নৈশপ্রহরীকে সম্মাননা ও অর্থসহায়তা উপজেলা প্রশাসনের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা

2026-10-12T21:53:22+00:00
2026-10-12T21:54:47+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
২০ লাখ টাকা ফেরত
নৈশপ্রহরীকে সম্মাননা ও অর্থসহায়তা উপজেলা প্রশাসনের
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ৯:৫৪ পিএম
২০ লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করায় নৈশপ্রহরীকে সম্মানিত করে উপজেলা প্রশাসন। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা সেই নৈশপ্রহরীকে সম্মাননা ও নদগ অর্থ পুরস্কার দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১১ অক্টোবর) ফটিকছড়ি সদরে উপজেলার একটি অনুষ্ঠানে স্থানীয় সাংসদ মো. সরোয়ার আলমগীর তার হাতে এ পুরস্কার তুলে দেন।

নৈশপ্রহরীর নাম মো. নুরুল আলম বাঁচা (৪৪)। তিনি নাজিরহাট পৌরসভার বাবুনগর গ্রামের বাসিন্দা এবং নাজিরহাট পৌরসভার নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

এর আগে, ১১ জুন রাত ১২টার দিকে দায়িত্ব পালনকালে নাজিরহাট বাজারের সোসাইটি মাঠসংলগ্ন সড়কে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান নুরুল আলম। ব্যাগটি খুলে তিনি বিপুল পরিমাণ টাকা দেখতে পান। পরে ব্যাগটি নিরাপদে পৌরসভা কার্যালয়ের একটি কক্ষে সংরক্ষণ করেন এবং প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন।


খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, টাকাগুলো নাজিরহাট বাজারের ব্যবসায়ী ও এম আর জুয়েলার্সের মালিক দুর্লভ ধরের। বিষয়টি বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়ার পর নাজিরহাট পৌরসভার কর্মচারীদের উপস্থিতিতে টাকাভর্তি ব্যাগটি মালিকের হাতে তুলে দেন। ওই সময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে খবরটি ফলাও করে প্রচার হয়। একের পর এক প্রশংসায় ভাসতে থাকেন নুরুল আলম।

সাংসদের কাছ থেকে উপজেলা প্রশাসনের পুরস্কার পেয়ে নুরুল আলম বলেন, ‘আমার কাছে এই পুরস্কার আকাশসম। এভাবে স্ব-স্ব জায়গা থেকে ভালো কাজে এগিয়ে এলে দেশটা আসলেই বদলানো সম্ভব। আমি উপজেলা প্রশাসনের কাছে অশেষ কৃতজ্ঞ।’

সম্মাননা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘একটু দেরিতে হলেও তিনি তার কাজের স্বীকৃতি পেয়েছেন। তার এই সততা ও মহৎ উদ্যোগ সমাজের সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   নৈশপ্রহরী  সম্মাননা  অর্থসহায়তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: