বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ, খাল খনন, নদী সংস্কার ও ব্লু ইকোনমিতে যৌথ সহযোগিতার বিষয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
সোমবার (১২ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক ভাইস মিনিস্টার স্টিভেন কোলেট। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে দীর্ঘদিন পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণ ও দেশের সংস্কার কার্যক্রম নিয়ে কথা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসায় নেদারল্যান্ডসের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশে ডাচ বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশটির প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা ও প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়টি গুরুত্ব পায়। কৃষি, বস্ত্র, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ নিয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে আম রপ্তানি এবং বাংলাদেশে ডাচ জাতের আলুবীজের সফল ব্যবহারের বিষয়টি উঠে আসে।
ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি, জাহাজ নির্মাণ শিল্প এবং যৌথ অংশীদারত্বের ভিত্তিতে বিভিন্ন খাতে কাজের সুযোগ নিয়েও আলোচনা করেন দুই পক্ষ। পাশাপাশি নেদারল্যান্ডসের বিভিন্ন প্রতিষ্ঠানের কারখানায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে কথা হয়।
বৈঠকে মাহ্দী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক নীতি ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। নদী ও খাল সংস্কারের অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন প্রকল্প, তিস্তা ব্যারাজ এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
শিক্ষা ও কর্মসংস্থান খাতের উন্নয়নেও সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। শিক্ষক প্রশিক্ষণ, যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন, শিল্পপ্রতিষ্ঠান ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সরকারের বহুভাষিক শিক্ষা কার্যক্রমের আওতায় তৃতীয় ভাষা হিসেবে ডাচ ভাষা অন্তর্ভুক্তির উদ্যোগ এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
পরিবেশ সুরক্ষা ও জ্বালানি রূপান্তরের প্রসঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং পরিবেশবান্ধব শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন মাহ্দী আমিন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় মহাপরিকল্পনার কথাও জানানো হয়। পাশাপাশি নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড চালুর উদ্যোগ সম্পর্কে ডাচ প্রতিনিধিদলকে অবহিত করা হয়।
মাহ্দী আমিন বলেন, বর্তমান সরকার পূর্ণাঙ্গ গণতন্ত্র, বাক্স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সংসদে বিরোধী দলের মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জবাবদিহি বাড়াতে বিভিন্ন সংসদীয় কমিটি গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং টেকসই উন্নয়নবিষয়ক রাষ্ট্রদূত ওয়াম্পি লিবন।
সময়ের আলো/জেডি