ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বামপন্থী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরা।
গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে পুলিশ তাকে আটক করে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। এ ঘটনার পর থেকেই ইন্টারনেটে আলোচনায় উঠে এসেছেন এই তরুণ নেত্রী।
নেহা বোরাকে ঘিরে আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে তার বয়স, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক পরিচয় জানতে গুগলে খোঁজ করছেন অনেকে।
নেহা বোরার পরিচয় ও শিক্ষাজীবন
২৯ বছর বয়সী নেহা বোরার আদি বাড়ি ভারতের উত্তরাখণ্ডের খাটিমা অঞ্চলে। তবে তার শৈশব ও শিক্ষাজীবনের বড় একটি অংশ কেটেছে ভারতের বিভিন্ন প্রদেশে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে স্কুলজীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য দিল্লিতে যান তিনি।
নেহা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হিন্দু কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ড. বি আর আম্বেদকর ইউনিভার্সিটি দিল্লি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বর্তমানে তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিষয়ে পিএইচডি গবেষক হিসেবে যুক্ত রয়েছেন।
যেভাবে ছাত্ররাজনীতিতে নেহা বোরা
থিয়েটারের প্রতি আগ্রহের পাশাপাশি ২০১৯ ও ২০২০ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী দেশব্যাপী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন নেহা। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে (আইসা) যোগ দেওয়ার পর ধাপে ধাপে সংগঠনটির জাতীয় সভাপতির দায়িত্বে আসেন তিনি।
গত শনিবার দিল্লি পুলিশ যন্তর মন্তরে যাওয়ার পথ বন্ধ করে তাকে আটক করলে এক ভিডিওবার্তায় সমর্থকদের উদ্দেশে নেহা বলেন, ‘আমি আটক হলেও, আন্দোলন থেমে থাকবে না।’
পুলিশের বাধার মুখে দিল্লি হাটসহ বিভিন্ন স্থানে আন্দোলন পুনর্বিন্যাসে তার ভূমিকা প্রশংসিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত আলাপচারিতায় মৃদুভাষী হলেও মাইক্রোফোনের সামনে হিন্দি ও ইংরেজিতে সাবলীল ও জোরালো বক্তব্য এবং সাংবিধানিক অধিকারের পক্ষে সোচ্চার অবস্থানের কারণে তরুণদের মধ্যে পরিচিতি পেয়েছেন নেহা বোরা।
সময়ের আলো/কেএইচও