গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়েছে থানা-পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাইফুর নামের পুলিশের উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার রাধানগর এলাকার জিন্নাত আলীর ছেলে রুবেল (৩১) এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকার জামশেদ প্রামাণিকের ছেলে তুহিন (৩৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চন্দ্রা এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় কয়েকজন দৌড়ে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে রুবেল ও তুহিনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় পুলিশের এসআই তাইফুর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে ডাকাতির মামলায় তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সময়ের আলো/এনএন