ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হয়রানি ও হেনস্তা করার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন তাঁর সরকারের

2026-10-13T22:42:48+00:00
2026-10-13T22:42:48+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৪২ পিএম 
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হয়রানি ও হেনস্তা করার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন তাঁর সরকারের সাবেক ১২ উপদেষ্টা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তারা এ ঘটনার কঠোর নিন্দা জানান।  

সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তার কাছে এগিয়ে গিয়ে উচ্চ স্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা ‘হোয়াই ইউ কাম হিয়ার’সহ বিভিন্ন অপমানজনক মন্তব্য করে চিৎকার করেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ উঠেছে। 

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সাবেক উপদেষ্টারা যৌথ বিবৃতি দেন। এতে তারা বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে চলমান হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং পরিকল্পিত আক্রমণের ঘটনায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করছেন এবং এর তীব্র নিন্দা জানাচ্ছেন।

বিবৃতিতে স্বাক্ষরকারী সাবেক উপদেষ্টারা হলেন সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সিআর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসান।

অন্তর্বর্তী সরকারের ভূমিকার কথা তুলে ধরলেন সাবেক উপদেষ্টারা

বিবৃতিতে সাবেক উপদেষ্টারা উল্লেখ করেন, বছরের পর বছর ধরে অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবক্ষয়, পরিকল্পিত দমন-পীড়ন এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশ যখন ভয়াবহ সংকটের মুখে পড়েছিল, তখন দেশ পুনর্গঠনের কঠিন দায়িত্ব পালন করতে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালায়।

তাদের ভাষ্য অনুযায়ী, ফ্যাসিবাদী শাসনামলে নিয়মিতভাবে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ বন্ধ করতেও অন্তর্বর্তী সরকার ভূমিকা রাখে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার। সাবেক উপদেষ্টাদের প্রত্যাশা ছিল, এর পরও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, ফ্যাসিবাদী শাসনামলের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে।

অপপ্রচার ও হুমকির অভিযোগ

সাবেক উপদেষ্টারা বিবৃতিতে আরও বলেন, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত ও স্বার্থান্বেষী গোষ্ঠী নিয়মিতভাবে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। একই সঙ্গে তাকে শারীরিকভাবে আঘাত করার হুমকিও দেওয়া হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।

তাদের মতে, এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো অস্থিতিশীলতা তৈরি করা এবং অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা ও ব্যাপক জনগ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করা। তারা এসব তৎপরতার কঠোর নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে সাবেক উপদেষ্টারা তাদের অবস্থান স্পষ্ট করে বলেন, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যাচার, অনলাইনে হয়রানি কিংবা ব্যক্তিগত হুমকি দিয়ে জুলাইয়ের প্রতিশ্রুত পরিবর্তন বাস্তবায়নের বিষয়ে তাদের সংকল্প দুর্বল করা যাবে না।

সংস্কার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার 

বিবৃতির শেষাংশে সাবেক উপদেষ্টারা বলেন, বাংলাদেশের জনগণ ও তরুণদের বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে সংস্কার ও মর্যাদা প্রতিষ্ঠার পক্ষে যে ঐতিহাসিক জনসমর্থন তৈরি হয়েছে, ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী ও তাদের সমর্থকদের বিদ্বেষপূর্ণ অপপ্রচার কিংবা অপচেষ্টা দিয়ে তা মুছে ফেলা সম্ভব নয়।

অধ্যাপক ইউনূসকে ঘিরে চলমান হয়রানি ও হুমকির ঘটনায় নিজেদের ক্ষোভ জানিয়ে সাবেক উপদেষ্টারা সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং মানবাধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ড. ইউনূস  উপদেষ্টা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: