দক্ষিণ চট্টগ্রামের ঐতিহাসিক ও প্রাচীন জনপদ দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সর্বস্তরের দোহাজারীবাসী। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শত শত বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাতকানিয়ার পুরানগড় শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। বক্তব্যে তিনি প্রস্তাবিত ‘উত্তর সাতকানিয়া’ উপজেলা গঠনের বিরোধিতা প্রসঙ্গে দোহাজারীর অবস্থানকে ইঙ্গিত করে তাদের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যা দেন বলে অভিযোগ ওঠে। উক্ত বক্তব্যে তিনি উত্তর সাতকানিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।
সংসদ সদস্যের এমন মন্তব্যের ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এর পরপরই দোহাজারীর উত্তেজিত জনতা প্রতিবাদ জানাতে রাজপথে নেমে আসেন। 'এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি' স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
মঙ্গলবার রাতে আয়োজিত বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দোহাজারী মোড়ে এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় বক্তব্য রাখা ক্ষুব্ধ বক্তারা বলেন, দোহাজারী একটি ঐতিহাসিক ও গৌরবময় জনপদ। এমন একটি মর্যাদাপূর্ণ এলাকা ও তার বাসিন্দাদের ‘ষড়যন্ত্রকারী’ বলা অত্যন্ত বিভ্রান্তিকর ও অপমানজনক।
সমাবেশ থেকে স্থানীয় নেতৃত্ব ও বিক্ষুব্ধ জনতা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদকে তার এ বক্তব্য প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে দোহাজারীবাসীর কাছে ক্ষমা চাওয়ার জোর আহ্বান জানান। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা না চাওয়া হলে পরবর্তীতে লাগাতার কর্মসূচির মাধ্যমে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।
সময়ের আলো/আতা