বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাকাজে উৎসাহিত করতে ২০২৬–২০২৭ অর্থবছরে অনুদান দেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ জন্য দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রকল্পের প্রস্তাব আহ্বান করেছে সংস্থাটি। প্রকল্পের ধরন ও বিষয়ভেদে ৫ লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে। আগ্রহী শিক্ষকদের আগামী ২২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে হবে।
ইউজিসির এ কর্মসূচির আওতায় প্রমোশনাল এবং একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট- এই দুই ধরনের গবেষণা প্রকল্পে অর্থায়ন করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি শাখার প্রকল্পে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখার প্রকল্পে সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।
কোন প্রকল্পে কত টাকা অনুদান
প্রকল্পের ধরন ও গবেষণার বিষয় অনুযায়ী অনুদানের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
প্রমোশনাল গবেষণা প্রকল্প : বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ৭ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প : বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে।
আবেদনের যোগ্যতা কী
গবেষণা প্রকল্পের ধরন অনুযায়ী আবেদনকারীদের পদমর্যাদা ও প্রকাশনার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রমোশনাল গবেষণা প্রকল্প : আবেদনকারীকে পূর্ণকালীন প্রভাষক অথবা সহকারী অধ্যাপক হতে হবে। পাশাপাশি স্বীকৃত ইনডেক্সড জার্নালে তার অন্তত দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।
একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প : এ ক্ষেত্রে আবেদনকারীকে পূর্ণকালীন সহযোগী অধ্যাপক অথবা অধ্যাপক হতে হবে। স্বীকৃত ইনডেক্সড জার্নালে অন্তত ৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে ২টি প্রবন্ধে আবেদনকারীকে করেসপন্ডিং অথবা লাস্ট অথর হিসেবে থাকতে হবে।
আবেদনের ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে
গবেষণা অনুদানের জন্য আবেদন করার আগে ইউজিসির নির্ধারিত নীতিমালা ও শর্তগুলো ভালোভাবে জেনে নিতে হবে। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে গবেষণা প্রকল্পের প্রস্তাব জমা দিতে পারবেন না।
ইউজিসির অর্থায়নে পরিচালিত কোনো গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া না থাকলে, নতুন প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।
গবেষণা প্রকল্পের অর্থ ব্যয়, বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে ইউজিসির নির্ধারিত নীতিমালা ও নির্দেশনা অনুসরণ করতে হবে।
প্রতিটি গবেষণা প্রকল্পের মেয়াদ হবে ১ বছর।
যেভাবে আবেদন করবেন
গবেষণা অনুদানের জন্য প্রকল্প প্রস্তাব অনলাইনে জমা দিতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো প্রস্তাব গ্রহণ করবে না ইউজিসি।
আগ্রহী শিক্ষকদের আবেদন করার আগে প্রকল্পের ধরন অনুযায়ী যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত যাচাই করে নিতে হবে। বিস্তারিত নির্দেশনা ও আবেদনসংক্রান্ত তথ্যের জন্য ইউজিসির নির্ধারিত অনলাইন আবেদনপদ্ধতি অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২২ নভেম্বর ২০২৬
সময়ের আলো/মহু