কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে ফুটপাতে আট বছর বয়সী ইসরাত ও মাত্র ১৮ মাস বয়সী ছোট বোন রোজা মনিকে ফেলে রেখে চলে গেছেন মা। পরবর্তীতে খবর পেয়ে অসহায় এই দুই শিশুর পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)। মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ সুপারের নির্দেশে শিশু দুটির হাতে শিশুখাদ্য ও উপহারসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি আর্থিক সহায় প্রদান করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, প্রায় ১২ বছর আগে জেসমিন আক্তারের সঙ্গে নূর মোহাম্মদ নাছির আলমের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে দুই কন্যাসন্তানকে নিয়ে বাবার বাড়িতেই ছিলেন জেসমিন। এরই মধ্যে তিনি দ্বিতীয় বিয়েও করেন।
গত রোববার (১১ অক্টোবর) দুপুরে দুই মেয়েকে নিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে আসেন জেসমিন। সেখানে এসে মোবাইল ফোনে সাবেক স্বামী নাছির আলমকে কল দিয়ে সন্তানদের বাজার থেকে নিয়ে যেতে বলেন। পেশায় অটোরিকশা চালক নাছির তখন কুমিল্লা শহরে অবস্থান করছিলেন। একপর্যায়ে নাছিরের জন্য অপেক্ষা না করেই কোলের শিশু ও বড় মেয়েকে জনাকীর্ণ বাজারের সড়কে ফেলে রেখে স্থান ত্যাগ করেন জেসমিন।
মা হঠাৎ উধাও হয়ে গেলে শিশু দুটি কান্নাকাটি ও ছোটাছুটি শুরু করে। তাদের এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরবর্তীতে খবর পেয়ে শিশু দুটির চাচি শিরিনা বেগম বাজারে এসে তাদের উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। বর্তমানে শিশু দুটি তাদের বাবা নাছির আলমের হেফাজতেই রয়েছে।
হৃদয়বিদারক এই খবরটি নজরে এলে শিশু দুটির প্রতি গভীর সমবেদনা জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তার নির্দেশনায় মঙ্গলবার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি প্রতিনিধি দল শিশুদের বাড়িতে গিয়ে তাদের হাতে পুষ্টিকর খাবার ও নগদ অর্থ পৌঁছে দেয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে শিশু দুটির কাছে প্রয়োজনীয় সহায়সামগ্রী পাঠানো হয়েছে। তারা এখন বাবার সঙ্গেই নিরাপদে রয়েছে।
সময়ের আলো/জোই