কিশোরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে। মাদক নির্মূলে জেলাজুড়ে পরিচালিত সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার ১৩টি উপজেলা থেকে মোট ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী এই বিশেষ অভিযানে থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অংশ নেয়। অভিযানে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে ১১ জন, কটিয়াদীতে ১০ জন, ভৈরবে ১৩ জন, ইটনায় ৬ জন, করিমগঞ্জে ৫ জন, হোসেনপুরে ৪ জন, কুলিয়ারচরে ৪ জন, বাজিতপুরে ৩ জন, তাড়াইলে ২ জন, মিঠামইনে ২ জন, অষ্টগ্রামে ২ জন এবং পাকুন্দিয়া এলাকা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেফতার করে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, জেলায় মাদক নির্মূলে পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে এই কঠোর ও অল-আউট অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
তিনি আরও স্পষ্ট করেন, এই 'জিরো টলারেন্স' নীতি কেবল সাধারণ মানুষের জন্যই নয়, বরং পুলিশ বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। সন্দেহভাজন পুলিশ সদস্যদের নিয়মিত 'ডোপ টেস্ট' করানো হচ্ছে।
এরই অংশ হিসেবে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি ধরা পড়ায় গতকাল মঙ্গলবার জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মো. ওসমান গনিকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
সময়ের আলো/জোই