বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি (এমসিএমপিএলসি) ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড (বিআইসিএল) সিমেন্ট খাতে প্রযুক্তিগত সহযোগিতা ও কৌশলগত বিনিয়োগের লক্ষ্যে চীনের গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ঢাকার বসুন্ধরা সুপারগলফে আনুষ্ঠানিকভাবে এ স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমঝোতা স্মারক অনুযায়ী, মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে উল্লেখযোগ্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দেবে গুয়াংসি ইউফেং কোং লিমিটেড। সিমেন্ট-সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তর, কারিগরি জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সহযোগিতার কাঠামো তৈরি করবে এ সমঝোতা। একইসঙ্গে সহযোগিতার পরিধি ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে প্রতিষ্ঠানগুলো আলোচনা অব্যাহত রাখবে।
‘বাংলাদেশ অ্যান্ড চায়না : বিল্ডিং দ্য ফিউচার টুগেদার’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠান বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং সিমেন্ট খাতের উন্নয়নে দুই পক্ষের আগ্রহের প্রতিফলন। সমঝোতাটি দুই প্রতিষ্ঠানের সম্মিলিত অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে যৌথ উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বিকাশের একটি ভিত্তি তৈরি করেছে।
মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান। অন্যদিকে, ইউফেং সিমেন্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেই ঝেনবিন।
অনুষ্ঠানে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান দুটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহেদ জাহিদ, সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের প্রতিনিধি এবং অন্যান্য কর্মকর্তারা।
ইউফেং সিমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেই ঝেনবিন (লেই ঝেনবিন), উপপ্রধান প্রকৌশলী দেং ইউলিয়ান এবং অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনো বিডি এনার্জি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিন ইয়ানশিয়ং (ছিন ইয়ানশিয়ং), জেনারেল ম্যানেজার ইয়ে ঝেনহং (ইয়ে ঝেনহং) এবং ইয়ুনহাই মাইনিং গ্রুপের চেয়ারম্যান ওয়ে গুয়াংহাই (ওয়ে গুয়াংহাই)।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আশা প্রকাশ করেছে, সিমেন্ট খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে এ সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড আশাবাদী, ইউফেং সিমেন্টের সঙ্গে এ অংশীদারত্ব প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি, দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ সিমেন্ট খাতের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
সময়ের আলো/ইউএমএইচ