গাইবান্ধার সাদুল্যাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলায় নিরাপদ সবজি উৎপাদন ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনার কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেছেন নেদারল্যান্ডসের দুই প্রতিনিধি। বুধবার (১৪ অক্টোবর) তারা আইএসসিএইচভি ও আইসি-এগ্রো লজিস্টিক প্রকল্পের মাঠপর্যায়ের কাজ পরিদর্শন করেন।
পরিদর্শক দলে ছিলেন নেদারল্যান্ড এন্টারপ্রাইজ এজেন্সির (আরভিও) বাংলাদেশ ও ভারতবিষয়ক উপদেষ্টা নাদিয়া ভ্যান ডি উইম এবং অ্যাডভান্স কনসাল্টিংয়ের ব্যবসা উপদেষ্টা ইরমা ভারহুসেল।
প্রকল্প দুটি কেএফডব্লিউ ইমপালস, আরভিও ও মালিক সিডসের আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে এগুলো বাস্তবায়ন করছে অর্গানাইজেশন অব ডেভেলপমেন্ট সার্ভিসেস ফর ডিস্ট্রেসড ‘ওডিএসডি’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অবলম্বন’।
সবজি সংগ্রহের পর পচন ও অপচয় কমাতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ঘুরে দেখেন অতিথিরা। এর মধ্যে ছিল অ্যাকটিভ কন্ট্রোল অ্যাটমোসফিয়ার স্টোরেজ ও মডিফাইড অ্যাটমোসফিয়ার প্যাকেজিং। তারা সবজিতে কীটনাশকের অবশিষ্টাংশ পরীক্ষার ল্যাব এবং নির্মাণাধীন সবজি প্রক্রিয়াজাতকরণ কারখানাও পরিদর্শন করেন।
পরিদর্শনের অংশ হিসেবে অতিথিরা সবজি সংগ্রহ কেন্দ্রে যান এবং গ্লোবাল গ্যাপ সনদপ্রাপ্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া নিরাপদ কৃষক উৎপাদনকারী সমবায় সমিতির নেতাদের সঙ্গেও তাঁদের মতবিনিময় হয়।
সময়ের আলো/আতা