কাল্পনিক সুপারহিরো স্পাইডার-ম্যানের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সড়কের নামকরণ করা হয়েছে। জনপ্রিয় এই কমিকস চরিত্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের স্বীকৃতি হিসেবে নিউইয়র্কের কুইন্সের ফরেস্ট হিলস এলাকায় স্থাপন করা হয়েছে ‘স্পাইডার-ম্যান ওয়ে’ নামের সড়ক-ফলক।
কমিকসের গল্পে স্পাইডার-ম্যানের আসল পরিচয় পিটার পার্কারের বাড়ি ছিল ফরেস্ট হিলসের ২০ ইনগ্রাম স্ট্রিটে। সেই কাল্পনিক ঠিকানার স্মৃতি ধরে রাখতেই আসকান অ্যাভিনিউ ও ইনগ্রাম স্ট্রিটের সংযোগস্থলে বসানো হয়েছে এই সড়ক-ফলক।
১৯৬২ সালে কমিকসের জগতে আত্মপ্রকাশ করে স্পাইডার-ম্যান। চরিত্রটির পরিচিতি প্রকাশের কয়েকটি সংখ্যার মধ্যেই তার বাড়ি ফরেস্ট হিলসে বলে উল্লেখ করা হয়। পরে ১৯৮৯ সালে কমিকসে পিটার পার্কারের ঠিকানা হিসেবে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় ২০ ইনগ্রাম স্ট্রিট।
স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) এক আয়োজনের মধ্য দিয়ে সড়কটির নামকরণ করা হয়। এ উপলক্ষে সেখানে জড়ো হন স্পাইডার-ম্যানের ভক্তরা। আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় এই সুপারহিরোর সঙ্গে কুইন্স ও ফরেস্ট হিলসের দীর্ঘদিনের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে।
এ প্রসঙ্গে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিম্যান স্যাম বার্গার বলেন, ‘কয়েক দশক ধরেই স্পাইডার-ম্যানের নামের সঙ্গে কুইন্স, বিশেষ করে ফরেস্ট হিলস, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা সেই নায়কদের মতো হতে চাই, যাদের দেখি বিপদের মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে।’
সময়ের আলো/এসএকে