পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা অনুমোদন, ইমরান সমর্থকদের ওপর গুলির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের জাতীয় পরিষদে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিরোধী দলের

2026-10-14T23:33:54+00:00
2026-10-14T23:33:54+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা অনুমোদন, ইমরান সমর্থকদের ওপর গুলির অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ পিএম 
পাকিস্তানের জাতীয় পরিষদে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি। সংগৃহীত ছবি
পাকিস্তানের জাতীয় পরিষদে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিরোধী দলের সদস্যরা। এ সময় তারা ‘গভর্নর শাসন মানি না, মানব না’ বলে স্লোগান দেন। 

জাতীয় পরিষদে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, পাকিস্তানের সংবিধানের ২৩২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী প্রেসিডেন্ট ১১ অক্টোবর ২০২৬ তারিখে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির যে ঘোষণা দিয়েছেন, জাতীয় পরিষদ তা অনুমোদন করছে। প্রস্তাবটি পাস হওয়ার পর জাতীয় পরিষদের অধিবেশন শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত মুলতবি করা হয় বলে জানিয়েছে বিবিসি।

এদিকে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বড়া এলাকায় মঙ্গলবার সংঘর্ষের সময় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে প্রাদেশিক প্রশাসন।

সহিংসতা বৃদ্ধির কারণ দেখিয়ে রোববার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে প্রদেশটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া হয়। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই পদক্ষেপকে রাজনৈতিক ক্ষমতা দখলের অজুহাত হিসেবে বর্ণনা করেছে।

প্রাদেশিক প্রশাসনের তথ্য ব্যবস্থাপক সামার হারুন বিলুর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পুলিশের গুলি চালানোর অভিযোগ ভিত্তিহীন। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অভিযোগ ছড়ানো হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ দাঙ্গা ও ভাঙচুরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ইমরান খানের সহযোগী ও পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। তার দাবি, ভিডিওগুলোতে বড়া এলাকার সংঘর্ষের দৃশ্য দেখা গেছে। জরুরি অবস্থা জারি ও গভর্নরের শাসনকে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে তিনি পরিস্থিতি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন। তবে ভিডিওগুলোর সত্যতা এবং গুলি চালানোর ঘটনা সম্পর্কে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

দলীয় কর্মকর্তাদের দাবি, প্রদেশে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে বড়া এলাকায়, যা প্রাদেশিক রাজধানী পেশোয়ার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।

পিটিআইয়ের তথ্য সম্পাদক ইকরাম খাটানা বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বড়ায় জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের (নাদরা) একটি কেন্দ্রে আগুন দিয়েছে এবং আশপাশের কয়েকটি কার্যালয়ে হামলা চালিয়েছে। তবে প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পর্যালোচনা করে এ ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করা হবে।

খাইবার পাখতুনখাওয়ায় ইমরান খানের দল পিটিআইয়ের একমাত্র প্রাদেশিক সরকার স্থগিত করার ঘটনায় তার রাজনৈতিক সংকট আরও বেড়েছে। ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। সামরিক স্থাপনায় হামলায় উসকানি, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার স্ত্রী, তিন বোন এবং দলের বহু কর্মীও আটক রয়েছেন।

তবে ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এসব মামলায় জড়ানো হয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   পাখতুনখাওয়া  জরুরি অবস্থা  অনুমোদন  ইমরান  সমর্থক  গুলি  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: