আন্তর্জাতিক ভলিবলে বাংলাদেশ বেশ সম্ভাবনাময় অগ্রগতি অর্জন করেছে এবং ভলিবল ফেডারেশন খেলাটির আরও উন্নয়নে নানামুখী পরিকল্পনা করছে। ভলিবলের এমন অগ্রগতিতে যারপরনাই খুশি আন্তর্জাতিক ভলিবলের কর্তাব্যক্তিরা।
বাংলাদেশ পুরুষ জাতীয় ভলিবল দল ২০২৬ সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যালায়েন্স (কাভা) পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক জয় করেছে এবং বর্তমানে লাল-সবুজের বিশ্ব র্যাংকিং ৮১। অন্যদিকে ২০২৫ সালের কাভা নারী ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নারী দলটি ব্রোঞ্জ পদক লাভ করে। এই সাম্প্রতিক অর্জনগুলোকে ভিত্তি করে ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যেই বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী সুইজারল্যান্ডের লুসানের ‘ভলিবল হাউস’ সফর করেন।
সফরকালে লতিফ শাহরিয়ার এফআইভিবির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন সভাপতি ফাবিও অ্যাজেভেদো, সাধারণ ক্রীড়া পরিচালক স্টিভ টাটন এবং এফআইভিবি এমপাওয়ারমেন্ট অ্যান্ড এনএফ রিলেশন্সের প্রধান হিতেশ মালহোত্রা। বৈঠকে বাংলাদেশে ভলিবল খেলার আগামী ৬ বছরের উন্নয়ন রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো পুরুষ ও নারী— উভয় জাতীয় দলের কার্যক্রম শক্তিশালী করা এবং খেলোয়াড়দের অগ্রগতির জন্য আরও টেকসই ব্যবস্থা তৈরি করা।
‘ভলিবল এমপাওয়ারমেন্ট’ কর্মসূচির মাধ্যমে এফআইভিবির সহায়তা বাংলাদেশের এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখন পর্যন্ত এই কর্মসূচির অধীনে ১,৩৯,০০০ মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে, যার মধ্যে কোচিং সুবিধা এবং উন্নত ভলিবল সামগ্রী সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উন্নয়নমূলক অগ্রাধিকারের সঙ্গে সংগতি রেখে ‘ভলিবল এমপাওয়ারমেন্ট’-এর মাধ্যমে ভবিষ্যতে আরও কারিগরি সহায়তা পাওয়ার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
তৃণমূল পর্যায়ে খেলাটির প্রসার ও উন্নয়ন নিয়েও আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় যে, দেশের শিক্ষাব্যবস্থায় যে ৮টি খেলাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে, ভলিবল তার মধ্যে অন্যতম। এটি তরুণ প্রজন্মকে ভলিবলে উৎসাহিত করতে এবং ভবিষ্যৎ সম্ভাবনাময় খেলোয়াড় খুঁজে বের করতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সার্বিকভাবে এই আলোচনায় জাতীয় দলের পারফরম্যান্স বৃদ্ধিতে শক্তিশালী পথ তৈরি করা, দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার ওপর দুই পক্ষই একমত পোষণ করে।
সময়ের আলো/প্রিন্ট/আতা