বার্সা-আর্সেনালের দাপুটে জয় হোঁচট বায়ার্নের

ক্রীড়া ডেস্ক

খেলা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা, আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ। অন্যদিকে নাটকীয় ম্যাচে ইন্টার মিলানকে হারিয়ে চমক দেখিয়েছে ক্লাব

2026-10-15T00:10:00+00:00
2026-10-15T00:10:00+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
খেলা
বার্সা-আর্সেনালের দাপুটে জয় হোঁচট বায়ার্নের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১০ এএম 
গোলের পর জোয়াও কানসেলোর উদযাপন। ছবি : সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়নস লিগে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা, আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ। অন্যদিকে নাটকীয় ম্যাচে ইন্টার মিলানকে হারিয়ে চমক দেখিয়েছে ক্লাব ব্রুগ। দুই গোলে পিছিয়ে পড়েও এগিয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখ, তবে শেষ মুহূর্তে গোল হজম করে নরওয়ের ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ ড্র করেছে জার্মান জায়ান্টরা।

গালাতাসারের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ৪-১ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ২৮ মিনিটে আলেক্সেই বাতরাকভের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর আগে পেদ্রির পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি অ্যান্থনি গর্ডন। পরে বারিস আলপার ইলমাজের হেডে ব্যবধান বাড়লেও ভিএআরে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

বিরতির ঠিক আগে দানি ওলমোর কাছ থেকে বল পেয়ে জোয়াও কানসেলো দূরের পোস্টে বাঁকানো শটে বার্সেলোনাকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে লামিন ইয়ামালের দারুণ পাস থেকে ৫০ মিনিটে হেডে গোল করেন ফেরমিন লোপেজ। তিন মিনিট পর ইয়ামালের আরেকটি পাস ধরে গোল করেন গর্ডন। পরে গাব্রিয়েল জেসুসের পাস থেকে করিম আদেয়েমি ব্যবধান ৪-১ করেন। ম্যাচজুড়ে সৃজনশীল ফুটবলে নজর কেড়েছেন ইয়ামাল। তার দুটি অ্যাসিস্টে জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচেও ফেইনুর্দকে ৫-১ গোলে হারিয়েছিল বার্সা।

এদিকে লিলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তিন গোল করে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে আর্সেনাল। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল পায়নি গানাররা। বিরতির পর ৬৪ মিনিটে ননি মাদুয়েকের পাস থেকে গোল করেন জুরিয়েন টিম্বার। বদলি নেমে দুই মিনিটের ব্যবধানে ম্যাচের চিত্র পাল্টে দেন বুকায়ো সাকা। ৬৯ মিনিটে তার পাস থেকে গোল করেন এবেয়েরেচি এজে। এরপর ৭১ মিনিটে কাই হাভার্টজ ও মার্টিন ওডেগার্ডের সঙ্গে দারুণ সমন্বয়ে নিজেই গোল করেন সাকা। নাপোলির বিপক্ষে জয়ের পর লিলেকেও হারিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে মিকেল আর্তেতার দল।

অন্যদিকে ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রথম জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচ শুরুর মাত্র ৪৭ সেকেন্ডে পাবলো বারিওসের গোলে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। আলেক্স বায়েনার পাস থেকে পাওয়া শটটি আয়ডেন হেভেনের গায়ে লেগে জালে ঢোকে। বিরতির আগে জনি কারদোসোর আরেকটি গোল ভিএআরে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি অ্যাথলেটিকো। ৭৪ মিনিটে লেনি ইয়োরো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। পাঁচ মিনিট পর আদেমোলা লুকমান প্রতিপক্ষ গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন।

রোমাঞ্চকর ম্যাচে ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগা। বেলজিয়ান ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেন নিকোলো ত্রেসোলদি। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ৪৪ মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে সমতায় ফেরে ইন্টার। বিরতির পর আবারও গোল করে ব্রুগাকে এগিয়ে দেন ত্রেসোলদি। ৭৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। মার্তিনেজ নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমালেও ৮৭ মিনিটে রোমিও ভারমান্তের গোলে আবার দুই গোলের ব্যবধান তৈরি হয়। যোগ করা সময়ে আনজে-ইয়োয়ান বোনি গোল করলেও হার এড়াতে পারেনি ইন্টার। চ্যাম্পিয়নস লিগে ইন্টারকে হারানো প্রথম বেলজিয়ান দলও হয়েছে ব্রুগা।

এদিকে নাটকীয় ড্রয়ে পয়েন্ট হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের শুরুতেই গিয়ানি স্টেনসনেসের গোলে এগিয়ে যায় ভাইকিং। বিরতির আগে পিটার ক্রিশ্চিয়ানসেনের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে ম্যাচে ফেরান হ্যারি কেইন। পরে জশুয়া কিমিখের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে সমতা ফেরান ইংলিশ স্ট্রাইকার। ৭১ মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়েও যায় বায়ার্ন। তবে ৭৬ মিনিটে মাইকেল অলিস পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরার সুযোগ পায় ভাইকিং। শেষ পর্যন্ত ৯০ মিনিটে হারমান হাউগেনের গোলে ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়ে নরওয়ের ক্লাবটি।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   বার্সা  আর্সেনাল  জয়  সময়ের আলো  ফুটবল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: