শেষ ৮ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়ালের নাটকীয় জয়

ক্রীড়া ডেস্ক

খেলা

চ্যাম্পিয়নস লিগে রোমার মাঠে নাটকীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ আট মিনিটে তিন গোল করে ৪-৩ ব্যবধানে জিতেছে

2026-10-15T08:03:28+00:00
2026-10-15T08:04:30+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
খেলা
শেষ ৮ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়ালের নাটকীয় জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:০৩ এএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৮:০৪ এএম
ম্যাচের শেষ আট মিনিটে তিন গোল করে ৪-৩ ব্যবধানে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগে রোমার মাঠে নাটকীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ আট মিনিটে তিন গোল করে ৪-৩ ব্যবধানে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। বুধবারের (১৪ অক্টোবর) এই ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করেন রোমার সাবেক ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। অন্যদিকে, নিজের সাবেক দলের বিপক্ষে রোমার ডাগআউটে দাঁড়িয়ে ম্যাচটি দেখেছেন কোচ জোসে মরিনিও।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রোমা। ২০ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া শটে দলকে এগিয়ে দেন মার্তেন দে রুন। তার শট ঠেকাতে পারেননি রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। এর আগে, মারিও এরমোসোর শট কোনোমতে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। দে রুনের গোলের পর ডনিয়েল মালেনের জোরালো শটও কোর্তোয়ার নিচ দিয়ে জালে ঢোকার উপক্রম হয়েছিল। তবে, গোলরক্ষক দ্রুত বলটি নিয়ন্ত্রণে নেন।

গোল হজমের ৫ মিনিট পরই সমতায় ফেরে রিয়াল। রোমার ডিফেন্ডার এরমোসোর ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে এটাই ছিল রিয়ালের প্রথম সফল আক্রমণ। বিরতির আগে মার্ক কুকুরেইয়া ও জুড বেলিংহ্যাম গোলের সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেননি।

এমবাপ্পের জন্য ম্যাচটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। চ্যাম্পিয়নস লিগে এটি ছিল তার শততম ম্যাচ। ২৭ বছর বয়সে এই মাইলফলকে পৌঁছে তিনি প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হন। টুর্নামেন্টে এটি ছিল তার ৭২তম গোল, যা দিয়ে রিয়ালের কিংবদন্তি রাউল গনজালেসকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সেরা পাঁচে উঠে আসেন তিনি।

বিরতির পর রোমার কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনির দল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। বদলি হিসেবে নামা রদ্রিগো মোরা বল বাড়িয়ে দেন মালেনকে। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শেই কোর্তোয়ার মাথার ওপর দিয়ে জালে পাঠান তিনি। এতে আবারও এগিয়ে যায় রোমা।


এর ৬ মিনিট পর ব্যবধান বাড়ান মালেন। সতীর্থের থ্রু পাস ধরে এগিয়ে গিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। শুরুতে অফসাইডের সংকেত দেওয়া হলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় গোলের সিদ্ধান্ত বহাল থাকে।

পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা চালায় রিয়াল। এমবাপ্পে দুবার রোমার গোলরক্ষক পিয়েরলুইজি গোলিনিকে পরীক্ষা নেন। তবে, তার আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

ম্যাচের শেষ ভাগে কর্নার থেকেই ঘুরে দাড়ানোর পথ খুঁজে পায় রিয়াল। কর্নার থেকে হেডে ফিরে আসা বল কাছ থেকে জালে পাঠিয়ে ব্যবধান ২-৩ করেন কার্লোস এসপি। এর দুমিনিট পর আরেকটি কর্নার থেকে হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান এন্ড্রিক।

এরপর যোগ হয় নাটকীয়তার শেষ অধ্যায়। ৯০তম মিনিটে সতীর্থের বাড়ানো বল পেয়ে রোমার ডিফেন্ডারদের পেছনে ফেলে কাছ থেকে জালে পাঠান রুডিগার। তাতেই ৪-৩ গোলের জয় নিশ্চিত হয় রিয়ালের। শেষ মুহূর্তের এই ধাক্কায় স্তাদিও অলিম্পিকোতে নেমে আসে নীরবতা।

ম্যাচের ফল যা-ই হোক, রোমার সমর্থকেরা সাবেক কোচ মরিনিওকে সম্মান জানাতে ভোলেননি। আড়াই বছর রোমার দায়িত্বে থাকার সময় দলটিকে উয়েফা কনফারেন্স লিগের শিরোপা জেতানোর পাশাপাশি ইউরোপা লিগের ফাইনালেও তুলেছিলেন তিনি। ৭ বছরের বেশি সময় পর নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নেমেছিল রোমা।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে প্রথম দুই ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ছয়ে। অন্যদিকে, রোমার সংগ্রহ এক পয়েন্ট।

সময়ের আলো/মহু

  বিষয়:   ফুটবল  রিয়াল মাদ্রিদ  আন্তোনিও রুডিগার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: