বিগ ব্যাশে আবারও রিশাদ, সঙ্গী জাম্পা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিগ ব্যাশের ১৬তম আসরের জন্য বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। আজ ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এ খবর

2026-10-15T11:19:25+00:00
2026-10-15T11:19:25+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
খেলা
বিগ ব্যাশে আবারও রিশাদ, সঙ্গী জাম্পা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:১৯ এএম 
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
বিগ ব্যাশের ১৬তম আসরের জন্য বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। আজ ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এ খবর জানানো হয়। আগামী মৌসুমে হোবার্টের স্পিন আক্রমণে রিশাদের সঙ্গী হবেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।

বিগ ব্যাশে অভিষেক মৌসুমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন রিশাদ। গত আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হোবার্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। ২০.৮৬ গড় ও ৭.৮২ ইকোনমি রেটে বোলিং করা রিশাদের সেরা পারফরম্যান্স ছিল ২৬ রানে ৩ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে ফ্র্যাঞ্চাইজিটির বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন বাংলাদেশের এই ক্রিকেটার।

রিশাদকে ধরে রাখার সিদ্ধান্তে তাঁর নিজের আগ্রহও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন হোবার্টের হাই পারফরম্যান্স বিভাগের ম্যানেজার সালিয়ান বিমস।

তিনি বলেন, ‘গত মৌসুমে হোবার্টে সময়টা যে রিশাদের খুব ভালো কেটেছে এবং সে ফিরতে চায়, সেটি আমাদের কাছে স্পষ্ট করেছিল। আমাদের দল গঠনের পরিকল্পনায় অ্যাডাম জাম্পাকে যুক্ত করার পর কিছুটা পরিবর্তন এসেছিল। তবে রিশাদের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড় যখন হোবার্টে ফেরার ব্যাপারে এতটা আগ্রহী, তখন তাকে ফেরানোর সব সম্ভাবনাই আমরা খতিয়ে দেখতে চেয়েছি।’

রিশাদের পারফরম্যান্সের প্রশংসা করে বিমস আরও বলেন, ‘গত মৌসুমে রিশাদ আমাদের হয়ে অসাধারণ খেলেছে। প্রথমবার বিগ ব্যাশে এসে প্রতিটি ম্যাচ খেলা এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তাঁর দক্ষতা ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা তুলে ধরে।’

উল্লেখ্য, ২০২৪ সালেও বিগ ব্যাশে রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও বিগ ব্যাশ একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় বিসিবি থেকে তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি। তবে গত বছর পুরো মৌসুমের জন্য বিপিএল বাদ দিয়ে বিগ ব্যাশ খেলার সুযোগ দেয় বিসিবি। এবারও একই ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   রিশাদ  বিগ ব্যাশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: