আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। এদিন প্রয়োজনীয় দাফতরিক কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। তবে ছুটির মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা থাকবে এবং প্রয়োজনীয় দাফতরিক কার্যক্রম চলবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখতে হবে। তবে শ্রেণি কার্যক্রমের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বহাল থাকবে। সে অনুযায়ী, ১৫ অক্টোবর শ্রেণি কার্যক্রম শেষ করেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে।
ছুটির মধ্যেও শনিবার শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারবেন। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালু রাখা হবে।
এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক চিঠিতে ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।
সময়ের আলো/এসএকে