যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নতুন প্রেসিডেন্টবাহী উড়োজাহাজ সরবরাহের আগপর্যন্ত ব্যবহারের জন্য কাতারের আমিরের কাছে একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ধার চেয়েছিলেন তিনি। তবে ধার দেওয়ার পরিবর্তে উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়ার প্রস্তাব দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
বুধবার (১৫ অক্টোবর) অ্যারিজোনায় এক জনসভায় এ কথা জানান ট্রাম্প।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টবাহী উড়োজাহাজগুলো প্রায় ৩৫ বছরের পুরোনো। নতুন উড়োজাহাজ হাতে না পাওয়া পর্যন্ত বিকল্প হিসেবে কাতারের একটি উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনা করেছিলেন তিনি।
কাতারের আমিরের সঙ্গে কথোপকথনের বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, তিনি আমিরকে অনুরোধ করেছিলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং দেশটির বিমানবাহিনীর প্রয়োজনে কিছুদিনের জন্য তাদের বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি ধার বা ব্যবহারের অনুমতি দিতে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কাতারের আমির উড়োজাহাজটি ধার দিতে রাজি হননি। বরং তিনি সেটি যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়ার প্রস্তাব দেন।
কাতারের আমিরের বক্তব্য উদ্ধৃত করে ট্রাম্প বলেন, না, না, না— আপনি আমার বন্ধু। আপনাকে এটি ধার নিয়ে ব্যবহার করতে দিতে পারি না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আপনি এটি গ্রহণ করতে পারেন। এটি আপনারা নিতে পারেন।
ট্রাম্প আরও বলেন, কেউ আপনাকে উপহার দিলে তা গ্রহণ করবেন, তাই না? যখন আপনাকে একটি ৭৪৭ দেওয়া হয়, তখন আপনি শুধু দুটি শব্দ বলেন— ধন্যবাদ।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উড়োজাহাজটি গ্রহণ করেছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, কাতারের এই উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ব্যবস্থায় ভিসি-২৫বি হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দুটি বোয়িং প্রেসিডেন্টবাহী উড়োজাহাজ সরবরাহ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। নতুন উড়োজাহাজ দুটি ২০২৮ সালে সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, এয়ার ফোর্স ওয়ান হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজের জন্য ব্যবহৃত কলসাইন। প্রেসিডেন্টের সরকারি সফরে ব্যবহৃত এসব উড়োজাহাজে বিশেষ নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা রয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ