যুক্তরাষ্ট্রে মন্দিরে হামলা, মার্কিন তরুণ বললেন— ‘ভারতীয়দের হত্যা করতে আর তর সইছিল না’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয়দের ওপর নির্বিচার হামলা চালিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত

2026-10-15T17:02:01+00:00
2026-10-15T17:02:01+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে মন্দিরে হামলা, মার্কিন তরুণ বললেন— ‘ভারতীয়দের হত্যা করতে আর তর সইছিল না’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম 
পাপোরাকিসের হামলার সুনির্দিষ্ট লক্ষ্যস্থল কী ছিল, তা এখনো তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। ছবি : এনডিটিভি
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয়দের ওপর নির্বিচার হামলা চালিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত তরুণ আলেকজান্দ্রোস পাপোরাকিস একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। সহকর্মীদের কাছে তিনি ভারতীয়দের হত্যা করার জন্য আর তর সইছিল না বলে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে।   

মার্কিন সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার সহকর্মীদের কাছে দিনটিকে ‘বিশেষ দিন’ হিসেবে বর্ণনা করেন পাপোরাকিস। এ সময় তিনি কথিত হামলার পরিকল্পনা নিয়ে লেখা একটি নথি এবং নিজের কৌশলগত সামরিক সরঞ্জামের ছবিও সহকর্মীদের দেখান বলে অভিযোগ রয়েছে।

কুক কাউন্টি স্টেটস অ্যাটর্নির কার্যালয়ের কৌঁসুলিদের বরাতে প্রতিবেদনে বলা হয়, আট পৃষ্ঠার ওই নথিতে পাপোরাকিস নিজেকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী হিসেবে পরিচয় দেন। সেখানে ভারতীয়দের হত্যা করার আকাঙ্ক্ষার কথাও উল্লেখ করেছিলেন তিনি।

তার এক সহকর্মী বিষয়টি পুলিশকে জানান। এর ফলে সম্ভাব্য হামলার পরিকল্পনা আগেভাগেই শনাক্ত করা সম্ভব হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার সন্দেহ    

পুলিশের ধারণা, রোববার ইলিনয়ের প্যালাটাইন এলাকা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অরোরার একটি হিন্দু মন্দিরে ব্যাপক হামলার পরিকল্পনা করে থাকতে পারেন অভিযুক্ত তরুণ। তবে তার হামলার সুনির্দিষ্ট লক্ষ্য এখনো তদন্তাধীন। 

কর্তৃপক্ষের ধারণা, অরোরার বৃহত্তম হিন্দু মন্দির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী (বালাজি) মন্দিরকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা ছিল তার। 

পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার সময় মাউন্ট প্রসপেক্ট ও প্যালাটাইন পুলিশ বিভাগের সমন্বিত অভিযানে পাপোরাকিসকে গ্রেফতার করা হয়। 

বাড়ি থেকে রাইফেল, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার 

অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক গুলিভর্তি রাইফেলের ম্যাগাজিন এবং শত শত অতিরিক্ত গুলি উদ্ধার করেছে পুলিশ।

প্যালাটাইন পুলিশ জানিয়েছে, উদ্ধার করা সামগ্রীর মধ্যে বডি আর্মারযুক্ত একটি কৌশলগত ভেস্টও ছিল। ভেস্টটিতে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী চরমপন্থার সঙ্গে সম্পর্কিত প্রতীকসংবলিত একটি প্যাচ পাওয়া গেছে। 

তদন্তকারীরা অভিযুক্তের বৈদ্যুতিন যোগাযোগ এবং তার নামে থাকা একটি নথিও পরীক্ষা করেছেন। ‘হোয়াই আই ফট: এ.কে.এ. (অরোরা শুটারের ম্যানিফেস্টো)’ শিরোনামের ওই নথিতে ভারতীয়, ইহুদি ও আফ্রিকান-আমেরিকানদের ‘মানুষের চেয়ে নিকৃষ্ট’ হিসেবে বর্ণনা করা হয়েছে বলে আদালতের নথির বরাতে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। 

নথিটিতে এসব জনগোষ্ঠীর যত বেশি সম্ভব মানুষকে হত্যার পরিকল্পনার কথাও উল্লেখ ছিল বলে অভিযোগ। 


সহকর্মীকে ফোন করে বন্দুক আটকে যাওয়ার কথা জানান

কৌঁসুলিদের ভাষ্য অনুযায়ী, রোববার দিনের শুরুর দিকে পাপোরাকিস তার এক সহকর্মীকে ফোন করেছিলেন। ওই সময় তিনি জানান, তাঁর বন্দুক আটকে গেছে এবং কাউকে কিছু বুঝতে না দিয়ে তিনি দ্রুত সেখান থেকে চলে গেছেন।

ঘটনাটির সঙ্গে কথিত হামলার পরিকল্পনার সম্পর্ক কী, তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।

সন্ত্রাসী হুমকির অভিযোগে আটক 

কুক কাউন্টি স্টেটস অ্যাটর্নির কার্যালয়ের কৌঁসুলিদের সঙ্গে পরামর্শের পর পাপোরাকিসের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি দেওয়া এবং বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।     

বুধবার আটকসংক্রান্ত শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়। বিচারক তাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর তাঁর পরবর্তী আদালতে হাজিরার দিন ধার্য রয়েছে। 

যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ নিয়ে উদ্বেগ

মানবাধিকারকর্মীদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ বেড়েছে। অভিবাসনবিরোধী বক্তব্য ও নীতির বিস্তার এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শের উত্থানকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তাঁরা।

তবে পাপোরাকিসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো বিচারাধীন। তদন্তে তাঁর কথিত হামলার লক্ষ্য ও পরিকল্পনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। 

সূত্র : এনডিটিভি 

সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   যুক্তরাষ্ট্র  মন্দির  হামলা  মার্কিন তরুণ  ভারত  হত্যা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: