ডাকসেবা চলছে ঝুঁকিপূর্ণ ভবনে, দুর্ঘটনার শঙ্কা

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

সারাদেশ

ভোলার চরফ্যাশন উপজেলা ডাকঘরের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনটি এখন কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভবনটির ছাদ

2026-10-15T17:37:37+00:00
2026-10-15T17:37:37+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডাকসেবা চলছে ঝুঁকিপূর্ণ ভবনে, দুর্ঘটনার শঙ্কা
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম 
ভোলার চরফ্যাশন উপজেলা ডাকঘর। ছবি : সময়ের আলো
ভোলার চরফ্যাশন উপজেলা ডাকঘরের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনটি এখন কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভবনটির ছাদ ও দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে, পলেস্তারা খসে পড়ছে এবং পিলারের রড পর্যন্ত বেরিয়ে এসেছে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন সবাই।

১৯৮৪ সালের দিকে প্রায় ৪০ শতক জমির ওপর দুইতলাবিশিষ্ট এই ভবনটি নির্মিত হয় এবং তখন থেকেই এখানে ডাক বিভাগের কার্যক্রম চলে আসছে। পরবর্তী সময়ে সরকারি অন্যান্য উন্নয়নমূলক স্থাপনার জন্য জমির কিছু অংশ ছেড়ে দেওয়ায় ডাকঘরের জমির পরিমাণ কমে যায়। দীর্ঘদিনের প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির অবস্থা এখন অত্যন্ত নাজুক। জানালার গ্রিল ও কাচ ভাঙা, ভেতরে স্যাঁতসেঁতে পরিবেশ এবং অপরিচ্ছন্ন ওয়াশরুম ও চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্থিতিকে আরও অস্বাস্থ্যকর করে তুলেছে। এর মধ্যেই প্রতিদিন কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন করতে হয় এবং সাধারণ মানুষকে সেবা নিতে আসতে হয়।

বুধবার (১৪ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, চরফ্যাশন সদর কলেজ রোডে অবস্থিত এই ডাকঘরের বাইরের দেয়ালে ঘাস ও আগাছা জন্মেছে এবং পেছনে ময়লা-আবর্জনা জমে আছে। সামনে ‘চরফ্যাশন উপজেলা ডাকঘর’ লেখা সাইনবোর্ডটি থাকলেও ভেতরের চিত্রটি বেশ ভয়ংকর।

সেবা নিতে আসা শিক্ষক আবদুল মন্নান জানান, এই পোস্ট অফিসে ঢুকলেই তার ভয় করে এবং কখন ছাদ ভেঙে পড়ে— সেই আশঙ্কায় তিনি দ্রুত কাজ শেষ করে চলে যান। পার্সেল পাঠাতে আসা ব্যবসায়ী জালাল উদ্দীন ও দাপ্তরিক চিঠি পাঠাতে আসা ব্যবস্থাপক হামিদুর রহমানও একই আশঙ্কার কথা জানান। তারা বলেন, ছাদ ও দেয়ালের ফাটল দেখে মনে হয় এই বুঝি পিলার বা দেয়াল ভেঙে গায়ের ওপর পড়ে।

বর্তমান পোস্টমাস্টার মো. আলমগীর জানান, প্রতিদিন এই ডাকঘরে সরকারি চিঠিপত্র, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার কাগজপত্র, চাকরির প্রবেশপত্র, পার্সেল এবং ব্যক্তিগত চিঠিপত্র আসে। পাশাপাশি গ্রাহকরা ডাক জীবনবিমার টাকা জমা দেন এবং শিক্ষার্থীরা কম্পিউটার ক্লাস করেন। কিন্তু বাধ্য হয়েই তাদের এই ঝুঁকিপূর্ণ ভবনে কার্যক্রম চালাতে হচ্ছে।

জানা যায়, প্রায় তিন বছর আগে ভবনটি মেরামতের উদ্যোগ নেওয়া হলেও তা মেরামতের অযোগ্য বিবেচিত হওয়ায় ঠিকাদার কাজ বন্ধ করে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবনটির বেহাল দশার বিষয়টি বিভাগীয় কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠির মাধ্যমে জানানো হয়েছে। কিন্তু ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণ কিংবা কার্যক্রম নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো অগ্রগতি হয়নি।

বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এই ভবনটি দ্রুত পরিত্যক্ত ঘোষণা করে কার্যক্রম নিরাপদ স্থানে স্থানান্তর এবং সেখানে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।

সময়ের আলো/আতা
  বিষয়:   ভোলা  চরফ্যাশন  ডাকঘর  জরাজীর্ণ  ঝুঁকিপূর্ণ  ভবন  উদ্বেগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: