বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ১০ম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আব্দুল ওহিদ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।
এছাড়া রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এই আসামি মাইটিভির চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আন্দোলনের সময় নিজের টিভি চ্যানেলে আন্দোলনের খবর তুলে না ধরে অন্য বিষয় তুলে ধরেন। এ আসামি ঘটনার সঙ্গে জড়িত মর্মে তদন্তে উঠে এসেছে।
অপরদিকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি বলেন, এ আসামি গত বছরের আগস্ট মাস থেকে গ্রেফতার হয়ে জেলে আছেন। এক বছরের বেশি সময় ধরে জেলে। এতদিনেও খবর হয়নি গ্রেফতার দেখানোর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে তার কোনো পদ-পদবি নেই। তিনি অসুস্থ। তাকে গ্রেফতার না দেখানোর প্রার্থনা করছি। পরে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরের গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন মাহফুজ। দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি নিহতের বাবা বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সময়ের আলো/আতা