বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবু ভর্তি পরিত্যক্ত দুটি বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার সিজার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা, যা প্রায় ৩ কোটি টাকা।
বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবির একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের সন্নিকটে স্টিলের ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবি জানায়,ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় বিজিবির বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের নিকটবর্তী স্টিলের ব্রিজের নিচে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা লেবু ভর্তি দুটি বস্তা থেকে ১০ কাটে রাখা মোট ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসব ইয়াবার কোনো মালিক পাওয়া যায়নি।
উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে। সেগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা,চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/আতা