চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৫ লাখ টাকা মূল্যের প্লাস্টিক তৈরির কাঁচামালভর্তি একটি কাভার্ডভ্যান আটক করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় মো. সিদ্দিক হোসেন (৩৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, শুল্ক ও সরকারি কর ফাঁকি দিয়ে চীন থেকে এসব কাঁচামাল আমদানি করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকায় ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দিলে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি পালিয়ে যান।
পরে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। কাঁচামালের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সিদ্দিক হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মৃত সামছুল আলমের ছেলে।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, উদ্ধার করা কাঁচামালের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। চোরাচালানের কাজে ব্যবহৃত নীল-হলুদ রঙের কাভার্ডভ্যানটিও আটক করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার সিদ্দিক হোসেন, পলাতক আনিস রহমান সুলতান (৩০) এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলাটির নম্বর ১৪।
ওসি আরও জানান, পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি মো. সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ১৫১ ধারায় আরও ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এনএন