বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। তিনি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়ন এবং উভয় দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের কথা তুলে ধরে বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী।
সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের আরও দুই প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সময়ের আলো/ইউএমএইচ