বহিষ্কৃত বিএনপি নেতা বললেন, ‘ওই শিক্ষিকা আওয়ামী লীগের দালাল’

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জ রূপগঞ্জের কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী নারী শিক্ষক একরামুনন্নেছা বিউটিকে লাঞ্ছিত করার অভিযোগে দাউদপুর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি

2026-10-15T21:21:46+00:00
2026-10-15T21:21:46+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
নারী শিক্ষককে থাপ্পড়
বহিষ্কৃত বিএনপি নেতা বললেন, ‘ওই শিক্ষিকা আওয়ামী লীগের দালাল’
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:২১ পিএম 
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ রূপগঞ্জের কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী নারী শিক্ষক একরামুনন্নেছা বিউটিকে লাঞ্ছিত করার অভিযোগে দাউদপুর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এই বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পরই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের কেউ অন্যায়ের সঙ্গে জড়ালে তাদের ছাড় দেওয়া হবে না।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধান শিক্ষক আওলাদ হোসেন দপ্তরিকে দিয়ে সহকারী শিক্ষক একরামুনন্নেছা বিউটিকে নিজের কক্ষে ডেকে নেন। সেখানে বিএনপি নেতা আফজাল মোল্লা, ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকির হোসেনসহ কয়েকজন সদস্য ও শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের বর্তমান কমিটি নিয়ে ওই শিক্ষিকা বাজে মন্তব্য করেছেন— এমন অভিযোগ তুলে আফজাল মোল্লা উত্তেজিত হয়ে ওঠেন এবং একপর্যায়ে তার ওপর চড়াও হন। এ সময় প্রধান শিক্ষকের সঙ্গেও তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

ভুক্তভোগী শিক্ষক একরামুনন্নেছা বিউটি জানান, ২০২৪ সালের আগস্টে স্থানীয় কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে আফজাল মোল্লার সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জের ধরেই বুধবার প্রধান শিক্ষকের কক্ষে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারপিট করা হয়। তিনি কেবল বহিষ্কার নয়, হামলাকারী নেতার অবিলম্বে গ্রেফতার দাবি করেন।

অন্যদিকে, এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে আফজাল মোল্লা বলেন, ‘একরামুনন্নেছা বিউটি আওয়ামী লীগের দালাল।’ এছাড়া এ বিষয়ে আর কোনো কথা বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।

এদিকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন-শফিক জানান, শিক্ষিকাকে লাঞ্ছিত ও হামলার ঘটনার তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নারী  শিক্ষক  থাপ্পড়  বহিষ্কৃত বিএনপি নেতা  আওয়ামী লীগ  দালাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: