বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠসংলগ্ন কার্যালয়ে এই নাশকতা চালানো হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিন যুবককে তেল ঢেলে আগুন দিতে এবং আরেকজনকে সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করতে দেখা গেলেও রাতের অন্ধকারে তাদের মুখ স্পষ্ট বোঝা যায়নি।
দলটির জেলা সদস্যসচিব সুলতান মাহমুদ জানান, গভীর রাতে দুর্বৃত্তরা অত্যন্ত ন্যক্কারজনকভাবে এই ঘটনা ঘটিয়েছে। সকালে বিষয়টি দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটিকেও জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই দলকে কোণঠাসা করতে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, ঘটনাটি তারা জেনেছেন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিসংযোগের এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় আলতাফুন্নেসা মাঠসংলগ্ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা এনসিপি
সংবাদ সম্মেলনে দলটির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএস এ মাহমুদ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আগুন দেওয়া বা ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা কোনো গণতান্ত্রিক সংস্কৃতি হতে পারে না।
এ সময়, তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং সারাদেশে সব রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সময়ের আলো/আতা