রাতের নিস্তব্ধতা পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই চারপাশ কুয়াশার চাদরে ঢাকা পড়তে শুরু করেছে। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু, আর হিমেল হাওয়া বইয়ে দিচ্ছে শীতের হালকা আমেজ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নীলফামারীতে ভোরের এমনই কুয়াশাচ্ছন্ন সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটিই প্রথম উল্লেখযোগ্য কুয়াশা। সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত কুয়াশা স্থায়ী হলেও রোদ ওঠার পর তা কেটে যায়। ভোরের এই রূপ বেশ উপভোগ করছে স্কুল শিক্ষার্থীরা।
এদিকে শীতের এই আগমনি বার্তার মাঝেই জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে আগাম আলু ও শীতকালীন সবজি চাষ। অনেক কৃষক ইতোমধ্যে জমিতে আলুর বীজ রোপণ করেছেন। অনুকূল আবহাওয়া পেলে ভালো ফলনের আশা থাকলেও, বৃষ্টির আশঙ্কায় কিছুটা উদ্বিগ্ন আগাম আলুচাষিরা।
আট বিঘা জমিতে আলু চাষের পরিকল্পনা করা কৃষক হামিদার রহমান জানান, বৃষ্টি হলে বীজ আলু পচে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আইয়ুব আলী জানান, শীতের আমেজ অনুভূত হলেও অক্টোবরেই পুরোপুরি শীত নামবে কি না তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। এর আগে গত ১০ তারিখে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
সময়ের আলো/আতা