গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নিতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ফাঁড়ি ও

2026-10-15T22:39:35+00:00
2026-10-15T22:39:35+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নিতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ফাঁড়ি ও জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্‌ম থেকে ইয়াবাসহ এক নারীসহ দুজনকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ। পরে তাঁদের পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়।

এ সময় ইটপাটকেল নিক্ষেপ এবং ধারালো অস্ত্র দিয়ে দরজা-জানালা ভাঙচুর করা হয়। পরে হামলাকারীরা পুলিশ সদস্যদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলেও জানা গেছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে স্টেশন এলাকায় প্রবেশ করে। তারা প্রথমে তার কক্ষের দরজা-জানালায় কোপ দিয়ে ভাঙচুর করে। পরে রেলওয়ে পুলিশের ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ধারালো অস্ত্র দিয়ে দরজা-জানালা ভাঙচুর চালায়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও গাজীপুর সদর মেট্রোপলিটন থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় মাদক উদ্ধার ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   গাজীপুর  জয়দেবপুর  রেলওয়ে পুলিশ  পুলিশ ফাঁড়ি  অস্ত্র  দুর্বৃত্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: