নেত্রকোণার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। একটি দোকানে বসে থাকা অবস্থায় হামলাকারীরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে পালিয়ে যায়।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে লেখালেখি করতেন তিনি।
তিনি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উতরাইল বাজারের একটি দোকানে বসে গল্প করছিলেন আলিফ ফকির। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
এর আগে গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলেন আলিফ ফকির। ওই সময় তাকে কুপিয়ে জখম করা হয়। হামলায় বাধা দিতে গেলে তার সঙ্গে থাকা এক সহকর্মীকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করেছিল হামলাকারীরা।
তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ।
সময়ের আলো/আতা