দলীয় সাফল্যেই চোখ মোসাদ্দেকের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। এবার সামনে সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে

2026-10-15T23:10:50+00:00
2026-10-15T23:10:50+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খেলা
দলীয় সাফল্যেই চোখ মোসাদ্দেকের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:১০ পিএম 
মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি : সংগৃহীত
টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। এবার সামনে সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে কেবল একটি ত্রিদেশীয় সিরিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না দলের অন্যতম অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তার চোখে, আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে এই লড়াই এশিয়া কাপ এবং ২০২৭ বিশ্বকাপের আগে নিজেদের সামর্থ্য প্রমাণের মঞ্চ। ব্যক্তিগত নৈপুণ্য নয়, দল হিসেবে কতটা ভালো খেলতে পারছে বাংলাদেশ, সেটিই হবে সবচেয়ে বড় পরীক্ষা। ২০১৯ সালে ত্রিদেশীয় সিরিজ জয়ের স্মৃতি অনুপ্রেরণা জোগালেও এবার সেই আত্মবিশ্বাস মাঠের পারফরম্যান্সে প্রমাণ করতে চান এই অলরাউন্ডার।

শনিবার বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি। তার আগে বৃহস্পতিবার আবুধাবিতে দীর্ঘ সময় অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসন্ন সিরিজ নিয়ে নিজেদের ভাবনার কথা জানান মোসাদ্দেক।

২০১৯ সালে ত্রিদেশীয় সিরিজ জয়ের স্মৃতি বাংলাদেশের ক্রিকেটে বিশেষ জায়গা দখল করে আছে। সেই প্রতিযোগিতায় ফাইনালে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মোসাদ্দেক নিজেও। এবারও সেই স্মৃতিকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন তিনি। তার মতে, আসন্ন সিরিজে ভালো করতে পারলে বড় দুই টুর্নামেন্টের আগে দলীয় আত্মবিশ্বাস বাড়বে।

মোসাদ্দেক বলেন, ‘না, প্রিপারেশন ওয়াইজ বলব ভালো এবং ১৯-এর ট্রাই-নেশন নিয়ে যদি বলেন তা হলে সেটা একটা অনুপ্রেরণা আমি বলব। সো সেই জায়গা থেকে একটা ভালো অপরচুনিটি সামনে এশিয়া কাপ, সো তারপরে ওয়ার্ল্ড কাপ। সো এই ট্রাই-নেশনগুলো জিততে পারলে আমার কাছে মনে হয় যে টিম হিসেবে আমরা খুবই কনফিডেন্স পাব এখান থেকে।’

তবে প্রতিপক্ষকে খাটো করে দেখার সুযোগ নেই বলেও মনে করেন এই অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে আগের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সতর্কবার্তা। ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তান ও জিম্বাবুয়ে, দুদলই নিজেদের শক্তির প্রমাণ দিচ্ছে। তাই প্রতিপক্ষের নাম নয়, মাঠে নিজেদের পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান মোসাদ্দেক।

তিনি বলেন, ‘দেখেন এখন যেভাবে করে ক্রিকেট চলতেছে, আপনি কোনো দেশকেই বা কোনো দলকেই ছোট দল বলতে পারবেন না। সো রিসেন্ট সবাই ওয়ান ডে ফরম্যাটটাতে খুব ভালো করতেছে। সো আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, যে এখানে কত ভালো আমরা করতে পারি এবং নেক্সট যে চ্যালেঞ্জটা আমাদের জন্য আসবে এশিয়া কাপ বলেন বা এশিয়া কাপের পরে ওয়ার্ল্ড কাপ বলেন, সেই চ্যালেঞ্জগুলো আমাদের জন্য মনে হয় সহজ হবে যদি এই সময়গুলোতে আমরা এখানে টিম হিসেবে ভালো করতে পারি।’

মোসাদ্দেকের কাছে এই সিরিজ নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেওয়ারও সুযোগ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ কতটা ভালো দল সেটি কথায় নয়, মাঠের পারফরম্যান্সে দেখাতে হবে। সে জন্য ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় পারফরম্যান্সকেই এগিয়ে রাখছেন তিনি। তার মতে, ক্রিকেটে ব্যক্তিগত নৈপুণ্য গুরুত্বপূর্ণ হলেও শেষ পর্যন্ত জয় এনে দেয় সম্মিলিত প্রচেষ্টা।

মোসাদ্দেক বলেন, ‘আমার কাছে মনে হয় যে, আমাদের সবাইকে মিলে এখানে প্রমাণটা করতে হবে যে আমরা টিম ওয়াইজ কত ভালো খেলতে পারতেছি এবং শুধু ইন্ডিভিজুয়াল ক্রিকেট মানে ক্রিকেট তো ইন্ডিভিজুয়াল গেম না, এটা পুরো টিম গেম। সো আমার কাছে মনে হয় যে, এজ অ্যা টিম হিসেবে আমরা কত ভালো করতে পারতেছি, সেটা আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

এদিকে দলের অনুশীলনে মেহেদী হাসান মিরাজের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে চাননি মোসাদ্দেক। বিষয়টি টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে বলে জানান তিনি।

কন্ডিশনও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বাংলাদেশের তুলনায় আবুধাবির গরম বেশি হওয়ায় শুরু থেকেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে দল। 

মোসাদ্দেকের মতে, অনুশীলনের সময়টুকু কাজে লাগিয়ে প্রথম ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করে নিতে হবে, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। সো আমাদের দেশের থেকে এখানে একটু গরম বেশি। গতকালকে থেকে আজকে ওয়েদারটা একটু বেশি হট। সো সেই জায়গা থেকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি আমরা যারা পরে আসছি। সো আমার কাছে মনে হয় আজকে এবং কালকে প্র্যাকটিসটা আমাদের মানে সেই আমরা অ্যাডজাস্টটা করতে পারব এখানে। সো ফর মানে ফার্স্ট ম্যাচের জন্য।’

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন লিটন দাস। নতুন অধিনায়কের সঙ্গে দলের আলোচনা এবং খেলোয়াড়দের দায়িত্ব বণ্টন নিয়েও কথা বলেছেন মোসাদ্দেক। তার দাবি, দলের প্রত্যেকে নিজের ভূমিকা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। লিটনের ক্রিকেটীয় বোধ ও উইকেটের পেছন থেকে খেলা পড়ার ক্ষমতার ওপরও আস্থা রয়েছে তার।

মোসাদ্দেক বলেন, ‘না, আমরা গতকাল রাতেও একটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে আসলে ক্যাপ্টেনসহ। সো সেখানে সবাই সবার রোলটাকে বুঝে দেওয়া হয়েছে। সো আমার কাছে মনে হয় সবাই সবার রোলের জায়গা থেকে খুবই ক্লিয়ার। এবং লিটনকে তো আমরা অনেক দিন থেকেই চিনি। সো খুবই এক্সাইটিং ক্যাপ্টেন এবং ওর উইকেট কিপিংয়ের পেছনে দাঁড়িয়ে যেভাবে করে ও গেমটা রিড করতে পারে, আমার কাছে মনে হয় সেটা এক্সিলেন্ট। সো আমার কাছে মনে হয় যে ও ক্যাপ্টেন হিসেবে ভালো করবে এবং টিম ওয়াইজ আমরা সেটা প্রমাণ করব মাঠে ইনশাআল্লাহ।’

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   দলীয় সাফল্য  মোসাদ্দেক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: