আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে আবারও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম। জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন তিনি। এ বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দল থেকে নিজের নেওয়া বিরতি শেষ করে ক্যারিয়ারের ইতি টানার আগে আবারও দেশের প্রতিনিধিত্ব করতে চান জাহানারা। বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবুও তাঁর ফেরার ইচ্ছার কথা নিশ্চিত করেছেন।
বাবু বলেন, ‘হ্যাঁ, সে (জাহানারা) আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জোর দিয়ে বলেছিল যে সে ফিরে আসতে চায় ও খেলতে চায়।’
জাহানারা জাতীয় দলে খেলে অবসর নিতে চান জানিয়ে বাবু বলেন, ‘সে বলেছে, “আমি জাতীয় দলে খেলে অবসর নিতে চাই, আর সে কারণেই আমি নিজেকে এতটা ফিট রেখেছি।” আমি কোনো ধরনের দলীয় কোন্দলে বিশ্বাসী নই। অনেকের সঙ্গে অনেকের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে এসব একেবারেই অগ্রহণযোগ্য।’
২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জাহানারা। এরপর ২০২৫ সালের শুরুর দিকে মানসিকভাবে প্রস্তুত না থাকায় ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেওয়ার কথা জানান তিনি। পরে অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকে জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও খেলেননি ৩৩ বছর বয়সি এই পেসার।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের নারী ক্রিকেটে আলোচনার কেন্দ্রে আসেন জাহানারা। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগ তোলেন তিনি। পরে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুলকে আজীবন নিষিদ্ধ করে বিসিবি।
সময়ের আলো/জেডি