সাপ্তাহিক ছুটির দিনেও বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা ৩২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ চিত্র দেখা যায়।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ওই সময়ে ঢাকার বায়ুদূষণ স্কোর ছিল ১৭৯। এ স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। অন্যদিকে, সিঙ্গাপুরের স্কোর ছিল ২৪৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
বায়ুমান সূচক বা একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর। স্কোর ৩০০-এর বেশি হলে বায়ুর মান দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
এদিকে, ঢাকার বায়ুদূষণের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও এসেছে। অব্যাহত বায়ুদূষণকে দেশের জন্য লজ্জার বিষয় উল্লেখ করে পরিবেশ ও বন রক্ষায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সময়ের আলো/জেডি