জীবনে এমন সময় আসে, যখন চারপাশের সব পথ বন্ধ মনে হয়। সামনে এগিয়ে যাওয়ার কোনো উপায় খুঁজে পাওয়া যায় না। তখন মানুষ আশ্রয় খোঁজে বিশ্বাসের মধ্যে, ভরসা রাখে আল্লাহর রহমতের ওপর। কোরআনে বর্ণিত আসহাবে কাহাফের ঘটনা আমাদের এমনই শিক্ষা দেয়। ঈমান রক্ষার জন্য কয়েকজন যুবক আশ্রয় নিয়েছিলেন একটি গুহায়। তাদের সামনে ছিল অনিশ্চয়তা, কিন্তু অন্তরে ছিল আল্লাহর ওপর অটুট বিশ্বাস। সেই গুহায় আল্লাহ তাদের জন্য এমন ব্যবস্থা করেছিলেন, যা মানুষের কল্পনারও বাইরে। আসহাবে কাহাফের এই ঘটনা শুধু অতীতের বিস্ময়কর কাহিনি নয়, এর মধ্যে রয়েছে ঈমান, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্বপূর্ণ শিক্ষা।
ঈমান রক্ষায় গুহায় আশ্রয়
আসহাবে কাহাফের যুবকেরা এমন এক সমাজে বাস করতেন, যেখানে আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করা হতো। তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং সেই ঈমানের ওপর অবিচল থাকতে চেয়েছিলেন। কিন্তু তাদের সামনে ছিল নির্যাতন ও বিপদের আশঙ্কা।
এমন পরিস্থিতিতে তারা ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয় নেন। তাদের জানা ছিল না, সামনে কী অপেক্ষা করছে। তবু তারা আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন।
কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন, 'যখন তোমরা তাদের থেকে এবং আল্লাহ ছাড়া তারা যাদের উপাসনা করে, তাদের থেকে পৃথক হলে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তার রহমত বিস্তৃত করে দেবেন এবং তোমাদের কাজ সহজ করে দেবেন।' (সুরা কাহাফ, আয়াত : ১৬)
বাইরে থেকে গুহাটি হয়তো নিরাপদ মনে হওয়ার মতো ছিল না। কিন্তু আল্লাহর ওপর ভরসা করে সেখানে আশ্রয় নেওয়াই তাদের জন্য নিরাপত্তার কারণ হয়েছিল। তারা গুহার ওপর নয়, কেবল গুহার সৃষ্টিকর্তার ওপর নির্ভর করেছিলেন। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাদের বিশ্বাস অনুযায়ী নিরাপত্তা দিয়েছেন।
গুহায় আল্লাহর বিশেষ হেফাজত
গুহায় আশ্রয় নেওয়ার পর আল্লাহ তাদের দীর্ঘ সময়ের জন্য ঘুম পাড়িয়ে দেন। তারা বহু বছর সেখানে অবস্থান করেন। এ সময় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাদের এমনভাবে হেফাজত করেন, যা মানুষের কল্পনারও বাইরে।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন, 'যদি তুমি তাদের দেখতে, তবে তাদের কাছ থেকে পিছু হটে পালিয়ে যেতে এবং তাদের ভয়ে তোমার হৃদয় কেঁপে উঠত।' (সুরা কাহাফ, আয়াত : ১৮)
তাদের কুকুরটিও গুহার প্রবেশমুখে সামনের দুই পা বাড়িয়ে অবস্থান করছিল। কোরআনে আরও বলা আছে, আল্লাহ তাদের ডান ও বাম দিকে পার্শ্ব পরিবর্তন করাতেন।
এভাবে আল্লাহ তাদের নিরাপদে রাখেন। বাইরে থেকে গুহাটি ছিল অন্ধকার ও ভীতিকর। কিন্তু আল্লাহর রহমতে সেটিই তাদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়।
এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, নিরাপত্তা শুধু বাহ্যিক উপকরণের ওপর নির্ভর করে না। আল্লাহ চাইলে সামান্য একটি জায়গাকেও বান্দার জন্য নিরাপদ করে দিতে পারেন।
সংখ্যা নয়, শিক্ষাই গুরুত্বপূর্ণ
আসহাবে কাহাফের যুবকেরা কতজন ছিলেন, তাদের নাম কী ছিল কিংবা গুহাটি কোথায় ছিল—এসব নিয়ে বিভিন্ন মত রয়েছে। তবে কোরআন এসব বিষয়ে অযথা বিতর্কে জড়াতে নিষেধ করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন, 'বলুন, আমার রবই তাদের সংখ্যা সবচেয়ে ভালো জানেন। অল্প কয়েকজন ছাড়া কেউ তাদের সম্পর্কে জানে না। সুতরাং তাদের বিষয়ে স্পষ্ট তথ্যের বাইরে বিতর্ক করবেন না।' (সুরা কাহাফ, আয়াত : ২২)
এখানে রয়েছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। কোরআনের কোনো ঘটনা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়ার চেয়ে সেই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা বেশি জরুরি। কারণ কোরআনের ঘটনাগুলো কেবল অতীতের কথা জানানোর জন্য নয়, বরং মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্যও।
আসহাবে কাহাফের ঘটনা থেকে শিক্ষা
আসহাবে কাহাফের ঘটনা আমাদের শেখায়, ঈমানের পথে চলা সবসময় সহজ নয়। কখনো সত্যের ওপর টিকে থাকতে নিজের পছন্দের জিনিস, পরিচিত পরিবেশ কিংবা পার্থিব সুযোগ-সুবিধা ছেড়ে দিতে হতে পারে। এমন পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখা এবং ঈমানের ওপর অবিচল থাকা জরুরি।
আজও নানা প্রলোভন ও অন্যায় মানুষের ঈমান ও চরিত্রকে দুর্বল করে দিতে পারে। এমন পরিস্থিতিতে নিজের বিশ্বাস ও নৈতিকতা রক্ষা করা প্রয়োজন।
একজন মুমিনের আত্মিক আশ্রয় হতে পারে নামাজ, কোরআন তিলাওয়াত, আল্লাহর কাছে দোয়া এবং অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা। মানুষের ভিড়ের মধ্যেও নিজের ঈমানকে রক্ষা করার জন্য এসব আমল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আসহাবে কাহাফের যুবকেরা যেমন ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয় নিয়েছিলেন, তেমনি আমাদেরও এমন পরিবেশ ও অভ্যাস গড়ে তুলতে হবে, যা ঈমানকে শক্তিশালী করে।
জীবনের প্রতিকূল পরিস্থিতিতে হতাশ না হয়ে আল্লাহর সাহায্য চাওয়া এবং সঠিক পথে থাকার চেষ্টা করাই এই ঘটনা থেকে পাওয়া অন্যতম শিক্ষা।
জুমার দিনে সুরা কাহাফ পাঠ
আসহাবে কাহাফের ঘটনা সুরা কাহাফে বর্ণিত হয়েছে। এই সুরা পাঠের বিশেষ ফজিলতও হাদিসে উল্লেখ রয়েছে।
রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়ে নুর থাকবে।
তাই জুমার দিনে সুরা কাহাফ পাঠের পাশাপাশি এর আয়াতগুলোর অর্থ বোঝা এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করা উচিত। এতে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হবে। জীবনের নানা পরিস্থিতিতে এর শিক্ষা কাজে লাগানো সম্ভব হবে।
গুহার ঘটনা আমাদের যে শিক্ষা দেয়
আসহাবে কাহাফের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের সব আশ্রয় একসময় দুর্বল হয়ে যেতে পারে। বিপদের সময় মানুষের সাহায্যও সীমিত হয়ে পড়ে। কিন্তু একজন মুমিন আল্লাহর রহমতের ওপর আশা রাখেন এবং তার কাছেই সাহায্য চান।
জীবনে যখন চারপাশের পথ বন্ধ মনে হয়, তখন হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তার কাছে সাহায্য চাইতে হবে, নিজের ঈমানকে শক্তিশালী করতে হবে এবং সঠিক পথে থাকার চেষ্টা করতে হবে।
আসহাবে কাহাফের গুহা তাই শুধু কয়েকজন যুবকের আশ্রয় নেওয়ার ঘটনা নয়। এর মধ্যে লুকিয়ে আছে ঈমান রক্ষা, প্রতিকূলতায় অবিচল থাকা এবং আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষা। এই শিক্ষাই আমাদের মনে করিয়ে দেয়, কঠিন সময়েও আল্লাহর রহমতের আশা হারানো উচিত নয়।
সময়ের আলো/জেডি