রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপ অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এদিকে জাপানের আবহাওয়া সংস্থা ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের আগাম সতর্কতা জারি করেছিল। পরে প্রকৃত মাত্রা ছিল ৬.৯ বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিএনও নিউজের উদ্ধৃত তথ্য।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৪০ কিলোমিটার গভীরে। রাশিয়ার দূরপ্রাচ্যের ভিলিউচিনস্ক শহরের প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল এর উপকেন্দ্র।
ভূমিকম্পের পরপরই কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কম্পনের পর সুনামির কোনো ঝুঁকি নেই। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের আগাম সতর্কতা দিয়েছিল বলে বিএনও নিউজ জানিয়েছে। ওই সতর্কতায় দেশটির বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পনের আশঙ্কা প্রকাশ করা হয়। পরে সংস্থাটির প্রকৃত পরিমাপে ভূমিকম্পের মাত্রা ৬.৯ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৯.৯ মাত্রার ভূমিকম্প ঘটলে তা হতো যন্ত্রের সাহায্যে রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ১৯৬০ সালে চিলির ভালদিভিয়ায়, যার মাত্রা ছিল ৯.৫।
কামচাটকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরের চারপাশ ঘিরে থাকা ভূকম্পনপ্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’-এর অংশ। গত বছরের জুলাইয়ে এ অঞ্চলের উপকূলে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। এতে উপকূলীয় একটি গ্রামের অংশ সাগরে বিলীন হয়ে যায়।
সময়ের আলো/জেডি