মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নে গিরিনগরে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে প্রায় ৫০০ গ্রামবাসীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চিত্রকোট ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, প্রায় ৬৪ বছর ধরে গিরিনগর জোনাকি সংসদের খেলার মাঠটি তিন গ্রামের শিশু-কিশোর ও সাধারণ মানুষ ব্যবহার করে আসছেন। মাঠটি এলাকার শিশুদের খেলাধুলা, বিনোদন এবং সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ স্থান। এ মাঠ রক্ষা করা শুধু একটি জায়গা রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার বিষয়।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত জায়গাটি দখলের চেষ্টা চলছে। যারা মাঠের মালিকানা দাবি করছেন, তাদের বৈধ কাগজপত্র দেখানোর আহ্বান জানান এলাকাবাসী। তারা বলেন, বৈধ কাগজপত্র উপস্থাপন করা হলে বিষয়টি মেনে নেওয়া হবে। অন্যথায় বর্তমান বাজারমূল্য অনুযায়ী জমির মূল্য পরিশোধ করে মাঠটি রক্ষার বিষয়েও তারা আগ্রহী।
এক অভিভাবক ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম বলেন, আমাদের সন্তানদের খেলাধুলার জন্য এই মাঠটি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে তারা এখানে খেলাধুলা করে আসছে। মাঠটি দখল হয়ে গেলে শিশুদের খেলার জায়গা থাকবে না। আমরা চাই, মাঠটি রক্ষা করা হোক এবং বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করা হোক।
আরেক অভিভাবক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, প্রায় ৬৪ বছর ধরে তিন গ্রামের মানুষ এই মাঠ ব্যবহার করছেন। মাঠটি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় আমরা উদ্বিগ্ন। কুদ্দুস বেপারী,মো. বাদল, নাসির বেপারী, মাহমুদুল হাসান মৃদুল, আফসানা ইনাম আশা, ফেরদৌস বেপারী, মো. বাঁধনসহ যারা জমির মালিকানা দাবি করছেন, তারা বৈধ কাগজপত্র দেখান। কাগজপত্র যাচাই করে ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়া হোক।
শহিদুল ইসলাম বাবু ও মাসুদ রানা বিপ্লব নামে আরও দুই অভিভাবক বলেন, আমরা কোনো ধরনের সংঘাত চাই না। আমরা চাই, প্রশাসন জমির কাগজপত্র যাচাই করে প্রকৃত বিষয়টি উদ্ঘাটন করুক। শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করছি।
গিরিনগর জোনাকি সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লাা বলেন, এই মাঠের সঙ্গে তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের সম্পর্ক ও আবেগ জড়িয়ে রয়েছে। প্রায় ৬৪ বছর ধরে মাঠটি এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ব্যবহৃত হয়ে আসছে। আমরা চাই, প্রকৃত ঘটনা তুলে ধরা হোক এবং কোনো পক্ষের বক্তব্যের ভিত্তিতে একতরফা সিদ্ধান্ত নেওয়া না হোক।
তিনি আরও বলেন, যারা জমির মালিকানা দাবি করছেন, তারা বৈধ কাগজপত্র উপস্থাপন করুন। কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে আইনসম্মত ও শান্তিপূর্ণ সমাধান হোক। আমাদের উদ্দেশ্য কারও সঙ্গে বিরোধ সৃষ্টি করা নয়; আমরা চাই, শিশুদের খেলার মাঠটি রক্ষা পাক এবং এলাকার মানুষ ন্যায়বিচার পান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাঠটির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মাঠটি রক্ষার দাবি জানান তারা।
সময়ের আলো/আতা