মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আগামীকাল শনিবার স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হবে এ আয়োজন। এতে আলোচনা সভার পাশাপাশি লালনসংগীত পরিবেশন করবেন দেশের বিশিষ্ট বাউল ও লালনশিল্পীরা।
শিল্পকলা একাডেমির ভাষ্য অনুযায়ী, লালন সাঁইয়ের গান ও দর্শনের মূল শিক্ষা হলো মানবতা, সাম্য এবং মানুষের প্রকৃত সত্তার অনুসন্ধান। জাত-ধর্মের বিভেদ ভুলে মানুষকে মানবিকতার পথে চলার আহ্বান জানিয়েছেন তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার চিন্তা, দর্শন ও সমাজভাবনা এখনো সমানভাবে প্রাসঙ্গিক। কুসংস্কার, অন্যায় ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে তার গান আজও মানুষকে সচেতন করে।
লালন সাঁইয়ের জীবন, দর্শন ও মানবতাবাদী চিন্তার প্রতি শ্রদ্ধা জানাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা যুগ্মসচিব মোহা. হারুন-অর-রশীদ।
আলোচনা পর্ব শেষে শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীদের সমবেত সংগীতের মধ্য দিয়ে এ পর্বের সূচনা হবে।
এরপর লালনসংগীত পরিবেশন করবেন কাঙালিনী সুফিয়া, আলেয়া বেগম, লতিফ শাহ, নাসরিন সুলতানা বিউটি, সুমন রায়, কানিজ খন্দকার মিতু, বিমান চন্দ্র বিশ্বাস, পাখি বাউলিয়ানা ও মৌসুমি ইকবালসহ দেশের বিভিন্ন বাউলশিল্পী। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরাও বাউল গান পরিবেশন করবেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, লালন সাঁইয়ের জীবন ও দর্শন নিয়ে আলোচনা এবং সংগীত পরিবেশনায় সাজানো এ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
সময়ের আলো/ইউএমএইচ