জামায়াতে ইসলামীকে উদ্দেশ্যে করে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ‘আওয়ামী লীগ দিয়েছে ফাঁসি, বিএনপি দিয়েছে ফ্ল্যাগ’ এরপরেও বিএনপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা না করে জামায়াত বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সভায় জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন ইস্যুতে আন্দোলনের সমালোচনা করে চিফ হুইপ বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা না করে বিভিন্ন ইস্যুতে আন্দোলন ও লংমার্চ করা হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিয়ে আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, ‘বিদ্যুৎ, গ্যাস কি বাক্সবন্দি করে রাখার জিনিস?’
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না। বর্তমানে বিদ্যুৎ খাতে যে সংকট রয়েছে, তার জন্য বিগত সরকারের আমলে এ খাতে কোটি কোটি টাকার দুর্নীতিকে দায়ী করেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যুতের ঘাটতি মেটাতে তারেক রহমানের সরকার সৌরবিদ্যুতের ওপর থেকে কর মওকুফ করেছে। এ ছাড়া সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলেও জানান তিনি।
পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আতা