ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন বনানী পূজার মাঠে 'গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন' আয়োজিত শারদীয় দুর্গাপূজার ‘মহাষষ্ঠী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্গোৎসব এলেই নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপদে পূজা উদ্যাপন এবং সবাইকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার কথা বলতে শোনা যায়। বিষয়টি তাঁদের খারাপ লাগে। সংবিধান সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা, আচার-অনুষ্ঠান পালন ও উপাসনালয় প্রতিষ্ঠার অধিকার দিয়েছে। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না বলেও সংবিধানে উল্লেখ রয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চা, উপাসনালয় নির্মাণ এবং কোনো ধরনের বৈষম্য ছাড়া সকল আচার-অনুষ্ঠান পালনের অধিকার সুনিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী তার বক্তব্যে 'সাম্প্রদায়িক সম্প্রীতি' শব্দটির পরিবর্তে 'ধর্মীয় সম্প্রীতি' ব্যবহারের ওপর জোর দিয়ে বলেন, আমরা কেউ এখানে সম্প্রদায় হয়ে আসিনি। দেশের আইন-কানুন বা সংবিধান কাউকে সম্প্রদায় হিসেবে চিহ্নিত করে না। আমরা সবাই বাংলাদেশের সমান অধিকারপ্রাপ্ত স্বাধীন নাগরিক। তিনি বলেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক ফায়দা ও 'ভোটব্যাংক' হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হলেও বর্তমান সরকার নাগরিক হিসেবে সবার অধিকারকে প্রাধান্য দেয়।
এবারের বনানী পূজামণ্ডপের মূল থিম 'জলজ'-এর আওতায় দেশীয় সংস্কৃতি, উপাদান ও আমেজে নির্মিত নান্দনিক সাজসজ্জার ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় ঐতিহ্যে রূপায়িত এই আয়োজন সত্যিই অসাধারণ ও প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীসহ আমন্ত্রিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ডিপ্লোমেটিক কোরের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাফুফে চেয়ারম্যান ও বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন) প্রমুখ।
গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহার সভাপতিত্বে এবং সদস্য স্বপ্না ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়।
মহাষষ্ঠীর শুভলগ্নে দুর্গা মায়ের আগমনী গান, নৃত্য পরিবেশনা, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং শারদীয় বিশেষ সাময়িকী 'বোধন'-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
সময়ের আলো/আতা