হত্যার পর গুম, ৫ মাস পর মিলল যুবকের কঙ্কাল

কিশোরগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ মাস আগে নিখোঁজ আরিফুল ইসলাম সালমান (২১) নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর)

2026-10-16T23:42:50+00:00
2026-10-16T23:42:50+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
হত্যার পর গুম, ৫ মাস পর মিলল যুবকের কঙ্কাল
কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৪২ পিএম 
নিহত আরিফুল ইসলাম সালমান। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ মাস আগে নিখোঁজ আরিফুল ইসলাম সালমান (২১) নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার নরসুন্দা নদীর কচুরিপানার নিচ থেকে এসব হাড় ও কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিহত সালমান উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের ফজলুর রহমানের ছেলে। গ্রেফতার ব্যক্তিরা হলেন পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে মাহিন (২০) ও শাকিল মিয়া (১৮) এবং একই এলাকার রফিক মিয়া (১৯)।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ মে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন সালমান। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ১৯ মে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এরপর থেকে পুলিশ তাকে উদ্ধারে তদন্ত শুরু করে। দীর্ঘ পাঁচ মাসেও তার কোনো সন্ধান না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের সদস্যদের।

পুলিশ সূত্রে জানা যায়, সালমান নিখোঁজের ঘটনায় তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুরের চৌকিদার বাড়ি এলাকায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। সেখান থেকে শাকিল ও মাহিনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিক মিয়াকেও গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল ও মাহিন সালমানকে হত্যার পর তার লাশ নরসুন্দা নদীতে গুম করার কথা স্বীকার করেছেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে নরসুন্দা নদীর কচুরিপানার নিচ থেকে সালমানের হাড় ও কঙ্কাল উদ্ধার করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন জেলা পুলিশ সুপার।

সময়ের আলো/আতা
  বিষয়:   কিশোরগঞ্জ  হোসেনপুর  নিখোঁজ  যুবক  হাড়  কঙ্কাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: