দিনের বেলায় ভ্যাপসা গরম, গভীর রাতে শীতল আবহাওয়ার আভাস- এমন আবহাওয়ার মধ্য দিয়ে কাটতে পারে আগামী ১০ দিন। ১৭ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা না থাকলেও উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাতে শীতলতা অনুভূত হতে পারে।
শনিবার (১৭ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় আকাশে ছোট ছোট মেঘের খণ্ড দেখা যেতে পারে। দক্ষিণাঞ্চলে মেঘের ঘনত্ব তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে, ২১ অক্টোবর থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে। এ সময় অধিকাংশ এলাকায় প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ ঘণ্টা সূর্যের আলো পাওয়া যেতে পারে।
রোদ থাকলেও এই সময়ে তাপপ্রবাহের আশঙ্কা নেই। তবে ঢাকা, সিলেট, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। অন্যদিকে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় রাতে তাপমাত্রা তুলনামূলক কম অনুভূত হতে পারে। এ ছাড়া দেশের মধ্য ও উত্তরাঞ্চলের নদী অববাহিকায় গভীর রাত থেকে ভোর পর্যন্ত মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ অক্টোবর পর্যন্ত দেশে বড় কোনো বৃষ্টি বলয় বা ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে, ১৭ ও ১৮ অক্টোবর দেশের সীমিত কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এ ক্ষেত্রে বৃষ্টির আওতাভুক্ত এলাকার পরিমাণ এক থেকে পাঁচ শতাংশের মধ্যে থাকতে পারে। কক্সবাজার ও বান্দরবানের পাহাড়ি এলাকায় মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই আকাশে ঘন মেঘ দেখা দিলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এদিকে, অন্তত ২৪ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগরে উল্লেখযোগ্য কোনো নিম্নচাপ বা ঝড়ের সিস্টেম তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে, এ সময় উপকূলীয় অঞ্চল ও সাগরের পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে।
তবে, অক্টোবরের শেষ দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে। ২৪ অক্টোবরের পর বঙ্গোপসাগরে নতুন একটি আবহাওয়া ব্যবস্থা তৈরির অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। এর গতিপথ ও শক্তির ওপর নির্ভর করে মাসের শেষ দিকে দেশে নতুন বৃষ্টি বলয় প্রবেশের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
সময়ের আলো/মহু