কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকারের পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে।
আব্দুল আহাদ সরকার বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন) বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আহাদ সরকার নিজেই এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, কক্সবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে একসঙ্গে তার পরিবারের ৬ সদস্যের মৃত্যু হয়েছে। পরে আরও একজনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই শিক্ষার্থী।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটোয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে।
কক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
সময়ের আলো/মহু