যশোরের চৌগাছায় হাম আক্রান্ত হয়ে ওবায়দুল ইসলাম সবুজ (৪০) নামে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওবায়দুল ইসলাম সবুজ চৌগাছা উপজেলার দুই নম্বর পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চৌগাছা উপজেলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্বজনরা জানান, গত ৯ অক্টোবর সবুজ জ্বরে আক্রান্ত হন। প্রথম দুই দিন প্রাথমিক চিকিৎসা নেন। জ্বর না কমায় ১১ অক্টোবর তাকে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তিনি হাম জ্বরে আক্রান্ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আগে থেকেই হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
সবুজ পাশাপোল গ্রামের আব্দুস সামাদের একমাত্র ছেলে। সবুজের বৈবাহিক জীবনে ৪ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
বিষয়টি জানতে চাইলে যশোরের ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা নাজিম উদ্দীন বলেন, সবুজ হামে আক্রান্ত ছিলেন।
তাকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সময়ের আলো/জোই