মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীরা মিলেমিশে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা গ্রামে রামকৃষ্ণ সমিতির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুল আমিন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রামকৃষ্ণ সমিতির সভাপতি বাবু জহরলালের সভাপতিত্বে এবং মাস্টার তপন ধুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক বাবু অনির্বাণ চৌধুরী রাজীব, কেন্দ্রীয় যুবদলের সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রাহেল, মিঠানালা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর করিম চৌধুরী তপন এবং আব্দুল আউয়াল তারেক মেম্বার।
এছাড়া রামকৃষ্ণ সমিতির সাধারণ সম্পাদক রাজীব কুমার নাহা, সঞ্জিত কুমার নাহা, অপ্পেলা রাজু নাহাসহ সমিতির নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত স্মারক ম্যাগাজিন ‘শারদাঞ্জলি’র মোড়ক উন্মোচন করা হয়। এ সময় শ্রী বিজশ্রী কুমার নাহা গীতা পাঠ করেন। ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
সময়ের আলো/এনএন