কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে জায়গা না পেয়ে ক্ষোভে নিজের গালে জুতা দিয়ে আঘাত করেছেন সংগঠনটির এক নেতা। মো. মহসিন ভূঁইয়া নামের ওই নেতার এমন ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তার।
মহসিন উপজেলার হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। গত ১৪ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি ও নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এতে অনুমোদন দেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিনকে নতুন কমিটি নিয়ে অসন্তোষ জানাতে দেখা যায়। তার দাবি, গত ১৭ বছর ধরে দলের নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। এসব কর্মসূচিতে অংশ নিতে গিয়ে অনেক নেতাকর্মী মামলা ও হামলার শিকার হয়েছেন। কিন্তু কমিটি গঠনের সময় তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি।
মহসিনের অভিযোগ, আন্দোলন-সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা না থাকা সত্ত্বেও কেউ কেউ গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। বিপরীতে, দলের কঠিন সময়ে সক্রিয় থাকা নেতাকর্মীরা কমিটিতে স্থান পাননি। এ অবস্থায় বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন।
তবে কমিটি গঠনে অনিয়ম বা অবমূল্যায়নের অভিযোগ নাকচ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী। তার ভাষ্য, স্থানীয় সংসদ সদস্যের চাওয়ার ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে এবং কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তা অনুমোদন করেছেন। যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বিবেচনায় রেখেই কমিটি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সময়ের আলো/জেডি