নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের কালিয়াকৈর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি কারখানায় লাগা আগুন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টা ২২ মিনিটের দিকে কারখানার ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী ও গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক হাফিজুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।