প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৪০ পিএম
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানির মামলায় নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছেন দিল্লির আদালত। ছবি : সংগৃহীতভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানির মামলায় নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছেন দিল্লির আদালত। তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘বিজেপি আইটি সেল পার্ট-২’ শিরোনামের একটি ভিডিওকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছিল।
শনিবার (১৭ অক্টোবর) বিচারিক ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস রাহুল জৈন এ পরোয়ানা জারি করেন। ভারতীয় সংবাদমাধ্যম বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আগের সমন পৌঁছে দিতে গিয়ে রাঠির গুরুগ্রামের বাসা তালাবদ্ধ পাওয়া যায়। এ তথ্য আদালতকে জানানোর পর নতুন করে পরোয়ানা জারি করা হয়।
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩১ অক্টোবর।
অভিযোগকারী বিকাশ সংস্কৃত্যায়নের দাবি, ধ্রুব রাঠি তার ভিডিওতে মানহানিকর বক্তব্য দিয়েছেন এবং তাকে নিয়ে মিথ্যা অভিযোগ তুলেছেন। এ অভিযোগের ভিত্তিতেই মামলাটি করা হয়।
বার অ্যান্ড বেঞ্চ ও পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী পক্ষ মামলার শুনানি এগিয়ে আনার আবেদন করেছিল। এর আগে শুনানির দিন ২০ নভেম্বর নির্ধারিত ছিল। পরে গত ১২ অক্টোবর রাঠির গুরুগ্রামের বাসায় সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযোগকারী পক্ষের আইনজীবী সমক্ষ শর্মা আদালতে জানান, জার্মানিতে বসবাসকারী রাঠি বিভিন্ন রাজনৈতিক প্রতিবাদে অংশ নিতে ভারতে এসেছেন। এরপর সমন পৌঁছে দেওয়ার চেষ্টা সফল না হওয়ায় আদালত নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করেন।
তবে মামলাটি এখনো বিচারাধীন। পরোয়ানা জারি হওয়া মানেই ধ্রুব রাঠির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়া নয়। এ বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।
সময়ের আলো/এমকে