রাশিয়ার নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ক্ষুব্ধ জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার ওপর নতুন করে আরোপের কথা থাকা মার্কিন নিষেধাজ্ঞার বেশ কিছু বিধান স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে

2026-10-17T18:45:12+00:00
2026-10-17T18:45:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ার নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ক্ষুব্ধ জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
রাশিয়ার ওপর নতুন করে আরোপের কথা থাকা মার্কিন নিষেধাজ্ঞার বেশ কিছু বিধান স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইউক্রেনের সামরিক কাজে ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্টারলিংকে বিধিনিষেধ আরোপের ঘটনায় ওয়াশিংটনের ওপর কিয়েভের আস্থায় টানাপোড়েন আরও বেড়েছে।

শুক্রবার রাতে জারি করা এক নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, নিষেধাজ্ঞার কিছু বিধান স্থগিত রাখা যুক্তরাষ্ট্রের ‘জাতীয় স্বার্থে’ প্রয়োজন। গত সেপ্টেম্বরে কংগ্রেসে পাস হওয়া এবং ট্রাম্পের স্বাক্ষরে আইনে পরিণত হওয়া নিষেধাজ্ঞাগুলো কার্যকর হওয়ার কথা ছিল। এর আওতায় রাশিয়ার অর্থনীতি, দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা, আর্থিক প্রতিষ্ঠান এবং রুশ তেল-গ্যাসের বড় ক্রেতাদের ওপর চাপ সৃষ্টির সুযোগ রাখা হয়েছিল। তবে নতুন আদেশে এসব ব্যবস্থার বেশ কিছু অংশ থেকে ছাড় দেওয়া হয়েছে। 

ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্কিন আইনপ্রণেতাদের একাংশ। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ডন বেয়ার অভিযোগ করেছেন, এ পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে নতি স্বীকার করছেন এবং ইউক্রেনের পাশে দাঁড়ানোর বিষয়ে কংগ্রেসের অবস্থান উপেক্ষা করছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সিদ্ধান্তটিকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য, নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার ওপর কার্যকর চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধের পথ তৈরি করতে পারত। রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, শীতের আগে দেশটিতে বিদ্যুৎবিচ্ছিন্ন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে মস্কো।

এর আগে রাশিয়া থেকে ডিজেল আমদানির একটি চুক্তি নিয়েও যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে মতবিরোধ তৈরি হয়। জ্বালানির দাম কমানোর লক্ষ্যে রুশ ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। জেলেনস্কির অভিযোগ, এ ধরনের পদক্ষেপ কার্যত রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অর্থ জোগানোর শামিল।

এদিকে ইউক্রেনের সামরিক কাজে ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কে হঠাৎ গতিসীমা আরোপের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। গত সপ্তাহে ড্রোনের গতি নির্দিষ্ট সীমা ছাড়ালে ইন্টারনেট সংযোগ বজায় রাখার ক্ষেত্রে বিধিনিষেধের মুখে পড়ে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে ড্রোন পরিচালনা ও রুশ হামলা প্রতিহত করার কিছু কার্যক্রম ব্যাহত হয় বলে জানিয়েছে কিয়েভ। 

জেলেনস্কি জানিয়েছেন, স্টারলিংকের সেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে ট্রাম্প অস্বীকার করেছেন যে তিনি ইউক্রেনের গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করেছেন কিংবা ইচ্ছাকৃতভাবে স্যাটেলাইট নেটওয়ার্কের গতি কমিয়েছেন। শুক্রবার তিনি বলেন, এ ঘটনায় তার বা ইলন মাস্কের ভূমিকা নেই। অন্যদিকে, ইউক্রেনের কর্মকর্তারা মনে করছেন, বিধিনিষেধের পেছনে মার্কিন প্রশাসনের ভূমিকা থাকতে পারে।

স্টারলিংকে বিধিনিষেধের সময় রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে প্রাণঘাতী হামলা চালায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এসব হামলায় অন্তত ৯ জন নিহত এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন। শনিবার সকালে খেরসন শহরে রুশ হামলায় একজন অ্যাম্বুলেন্সচালক নিহত হন এবং আহত হন আরও ২০ জন।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে ইস্পাত কারখানা, একটি বৈদ্যুতিক উপকেন্দ্র এবং কৃষ্ণসাগরে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে বলে দাবি করেছে মস্কো।

রুশ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ। তার মতে, এ পদক্ষেপ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার সুযোগ তৈরি করতে পারে। তবে ইউক্রেনের আশঙ্কা, রাশিয়ার ওপর চাপ কমে গেলে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কোর হাতে আরও অর্থ ও সুযোগ থাকবে।

নিষেধাজ্ঞা ও স্টারলিংক নিয়ে বিরোধের মধ্যেও দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। শুক্রবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনীয় আলোচকদের কথা হয়েছে এবং আগামী সপ্তাহে দুই পক্ষের বৈঠক হতে পারে বলে তিনি উল্লেখ করেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাশিয়া  নিষেধাজ্ঞা  শিথিল  ট্রাম্প  জেলেনস্কি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: